রংপুরে জামায়াতের আট নেতা আটক
রংপুর নগরীতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতে ইসলামীর আট নেতাকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ওসি আব্দুর কাদের জিলানী জানান, নগরীর আশরতপুরে তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয়।
“স্থানীয় ও বাইরের জেলা থেকে এসে জামায়াত নেতারা আশরতপুরে জামায়াত নেতা আকমল হোসেনের গড়া তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় গোপনে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন।”
গ্রেপ্তারদের মধ্যে আকমল হোসেন (৫৫) রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সদস্য এবং ওই ক্যাডেট মাদ্রাসা ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান বলে জানান তিনি।
আকমল হোসেন ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের শ্বশুর বলে জানান ওসি জিলানী।
রাত পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি বলে জানান ওসি।
গ্রেপ্তার অন্যরা হলেন নগরীর ২৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সদস্য আবু সাইদ (৫০), ফেরদৌস মিয়া (৫০), মিঠাপুকুর উপজেলা জামায়াতের সদস্য লুৎফর রহমান (৪৮), পীরগাছা উপজেলা জামায়াতের রুকন নুরুল আজম (৫১), কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা জামায়াতের সদস্য মোখলেছুর রহমান (৪৯), উলিপুর উপজেলা জামায়াতের সদস্য এরশাদুল হক (৩০) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের সদস্য নুর নাসির (২৮)।
রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি রুহুল কুদ্দুস বলেন, “পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তারা সবাই জামায়াতের নেতা এবং ওই মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষক। পুলিশ অন্যায়ভাবে তাদের গ্রেপ্তার করে নাশকতার পরিকল্পনার দোষ চাপাচ্ছে।”
