নেদারল্যান্ডস থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
তিন দিনের সফর শেষে স্বদেশের উদ্দেশে নেদারল্যান্ডস ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে মঙ্গলবার এই সফরে যান তিনি। সফরে ইউরোপের দেশটির সঙ্গে চারটি চুক্তি সই হয়েছে বাংলাদেশের।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ২০ মিনিট) আমস্টার্ডামের শিফল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন শেখ হাসিনা।
ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটটিতে আবুধাবিতে নামবেন বাংলাদেশের সরকার প্রধান। সেখানে পাঁচ ঘণ্টা যাত্রাবিরতির পর বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইটে শুক্রবার সন্ধ্যায় দেশে পৌঁছাবেন তিনি।
হেগের যে হোটেলে প্রধানমন্ত্রী অবস্থান করেন, রওনা হওয়ার আগে সেখানে প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়।
শিফল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এবং বাংলাদেশে ডাচ রাষ্ট্রদূত লিওনি মার্গারেট কিউলেনেরো।
সফরের শেষ দিন বৃহস্পতিবার সকালে ডাচ ব্যবসায়ী নেতাদের নিয়ে এক সেমিনারে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যের সম্ভাবনাগুলো তুলে ধরেন শেখ হাসিনা।
দুপুরে তিনি ফল ও সবজি উৎপাদনকারী স্থানীয় সর্ববৃহৎ প্রতিষ্ঠান কর্নস্ট্রা অ্যান্ড কোম্পানি ও টমেটো ওয়ার্ল্ড পরিদর্শন করেন।
বুধবার দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শেখ হাসিনা। অন্য পক্ষের নেতৃত্বে ছিলেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট।
ওই বৈঠকের পর এক যুক্ত বিবৃতিতে বলা হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে ‘ব-দ্বীপ পরিকল্পনা’ বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ ও নেদারল্যান্ডস একমত হয়েছে।
বৈঠকের আগে শেখ হাসিনা ডাচ রানি ম্যাক্সিমার সঙ্গে দেখা করেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন রানি।
ওই দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মার্ক রুটের দেওয়া নৈশভোজে যোগ দেন শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের ব-দ্বীপ অঞ্চল ও পোতাশ্রয়ও পরিদর্শন করেন।
তার আগে ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লাউম্যান এবং অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি শুল্জ্ ফান হেগেন প্রধানমন্ত্রীর সঙ্গে হোটেল কক্ষে দেখা করেন।
