দীপনের জন্য আজিজ মার্কেটে দোয়া
সন্ত্রাসী হামলায় নিহত জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের আত্মার শান্তি কামনা করে দোয়া করেছেন শাহবাগে আজিজ সুপার মার্কেটের একদল ব্যবসায়ী।
ওই মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে শনিবার সন্ত্রাসীদের হাতে খুন হন দীপন।
‘দীপনের বন্ধুমহল ব্যানারে’ বৃহস্পতিবার মাগরিবের পর মার্কেটের চতুর্থ তলায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়ার পরে দীপনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
আজিজ কো অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি আজিজুল ইসলাম মনি, শ্রাবণী প্রকাশনার মালিক রবিন আহসান, অন্তরে রেস্তোরাঁর মালিক ইফতেখার, ব্যবসায়ী আমিনুল ইসলাম, রাশেদ হাওলাদার, মুরাদ, ফারুক, মাজারুল হক সোহাগ, ফারজানা স্মৃতি প্রমুখ আলোচনায় অংশ নিয়ে দীপনের স্মৃতিচারণা করেন। খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
“বন্ধু ক্ষমা করে দিস, ভালোবাসা ছাড়া আমাদের করার কিছুই নেই।”
তিনি বলেন, “রাষ্ট্রের সংবিধান মেনে আমরা যারা সাধারণ জীবনযাপন করছি, মনে হয়, অভিভাবকহীন একটি রাষ্ট্রে বসবাস করছি। দেশের কোনো কবি, প্রকাশক, লেখক, সাংবাদিক কেউ নিরাপদ নয়।”
হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, “সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের ফাঁসি চাই।”
দীপনের স্কুলবন্ধু রবিউল ইসলাম রবি বলেন, “দীপন-আমি স্কুলবন্ধু; সপ্তম শ্রেণি থেকে আমরা একসঙ্গে চলতাম। তখন থেকে বই প্রকাশনার সঙ্গেই সে জড়িত।”
কল্লোল প্রকাশনীর মালিক খান মাহমুদ বলেন, “দীপন সকলের অনুকরণীয় ছিলেন। তার সৃজনশীলতা, বন্ধুত্বসুলভ আচরণ দৃষ্টান্ত হয়ে থাকবে।”
