শরীয়তপুরে সাবেক ডেপুটি স্পিকারের কর্মসূচিতে ‘হামলা’
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, বর্তমানে সংসদ সদস্য শওকত আলী খান শরীয়তপুরে ত্রাণ বিতরণের সময় হামলার মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার নড়িয়া উপজেলা সদরে উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইলের সমর্থকরা এই হামলা চালায় বলে বৃহস্পতিবার শওকত আলী সাংবাদিকের জানান।
শরীয়তপুর-২ আসনের সাংসদ শওকত আলী বলেন, “আমি ত্রাণ বিতরণ করতে গেলে নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের সমর্থক শাহ আলমের নেতৃত্বে দুই শতাধিক লোক জড়ো হয়।তারা আমার বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে।
“এক পর্যায়ে পুলিশের উপস্থিতেই নড়িয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু বেপারী, শওকত বেপারীকে মারধর করে। পরিস্থিতি বেগতিক দেখে ত্রাণ বিতরণ বন্ধ করে দেওয়া হয়।”
আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান শওকত আলী।
এ বিষয়ে নড়িয়া উপজেলা চেয়ারম্যান ইসমাইল বলেন, “আমি ঢাকায় আছি। এ বিষয়ে আমি কিছুই জানি না।”
নড়িয়া থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, “স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের এটা রাজনৈতিক বিরোধ।”
