২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুই বিদেশি হত্যাকাণ্ডের পর ঢাকার নেওয়া নিরাপত্তার বন্দোবস্তে ওয়াশিংটন সন্তুষ্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 10:51 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তার সঙ্গে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটও ছিলেন।

গত ২৮ সেপ্টেম্বর ঢাকায় ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা খুন হওয়ার আগে পশ্চিমা কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশে চলাফেরায় তার দেশের নাগরিকদের সতর্ক করেছিল।

এর পাঁচ দিনের মধ্যে রংপুরে খুন হন জাপানি নাগরিক কুনিও হোসি। দুটি হত্যাকাণ্ডে আইএসের দায়িত্ব স্বীকারের দাবি উঠলেও বাংলাদেশ সরকার তা নাকচ করে আসছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “উনারা আমাদের ‘থ্যাংকস’ জানাতে এসেছেন, যেসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সুন্দর হয়েছে।

“পুলিশ কিলিং এবং অন্য হত্যাকাণ্ডে বিষয়ে ‘কনডোলেন্স’ জানাতে এসেছেন এবং তারা তথ্য দিয়ে এবং অন্যন্যভাবে সাহায্য করতে চেয়েছেন।”

বিদেশি খুনের পর জোরদার নিরাপত্তার মধ্যে দুই পুলিশ সদস্যকে হত্যা করা হয়। বুধবার সাভারের একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে এক কনস্টেবলকে হত্যা করা হয়।  

সন্তুষ্ট হলেও যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা সতর্কতা এখনও তুলে নেয়নি। এনিয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “এটা আমেরিকান নাগরিকদের রক্ষা করার ব্যবস্থা। এটা তাদের এক্সট্রা কিছু না। সারা ওয়ার্ল্ডে আছে এটা।”