২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা অঞ্জলি রায়ের প্রয়াণ

মুক্তিযুদ্ধে নয় নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেওয়া অঞ্জলি রায় গুপ্তা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 09:57 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

অঞ্জলি রায় গুপ্তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সুমনা গুপ্তার মা।

তার বয়স হয়েছিল ৬৮ বছর।  স্বামী শংকর প্রসাদ গুপ্তা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

অঞ্জলি রায়ের বাড়ি ঝালকাঠি জেলা সদরের কৃত্তিপাশা ইউনিয়নের রুনশী গ্রামে।

জাহাঙ্গীরনগরের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে অঞ্জলি রায় অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় তার মেয়ে সুমনা গুপ্তার বাসায় তিনি মারা যান।”

অঞ্জলি রায় মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের অধীনে ঝালকাঠিতে মুক্তিযুদ্ধ করেছেন বলে জানান ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এম এ বায়েজিদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বোন কণিকা রায় যুদ্ধে পাকিস্তানী সেনাদের হাতে শহীদ হন। তার ভাই শ্যামল রায়ও মুক্তিযোদ্ধা।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এক শোক বার্তায় বলেন, “শ্রীমতি অঞ্জলি রায়ের পরলোক গমনে জাতি একজন দেশপ্রেমিককে হারালো।”

বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অঞ্জলি রায়কে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।

এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অঞ্জলি রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শেষকৃত্য অনুষ্ঠানের জন্য অঞ্জলি রায়ের মরদেহ গাজীপুর জেলার কাশিমপুরে নেওয়া হয়।