২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রান্ত হলে গুলি ছোড়ার নির্দেশনা পুলিশকে

১৫ দিনের ব্যবধানে ঢাকায় দুটি তল্লাশি চৌকিতে দুই পুলিশ সদস্য খুনের পর এখন আক্রান্ত হলে গুলি ছোড়ার নির্দেশনা এসেছে বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 08:28 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (কনফেডিনশিয়াল) মো. মনিরুজ্জামানের স্বাক্ষরে ছয়টি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়, যার মধ্যে এই বিষয়টিও রয়েছে।

“দায়িত্বপ্রাপ্ত কোনো পুলিশ সদস্যদের উপর কোনো আক্রমণ হলে বিধি মোতাবেক বলপ্রয়োগ করবেন এবং প্রযোজ্য ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন,” বলা হয়েছে নির্দেশনায়।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেন সবাই দায়িত্ব পালনে সতর্ক অবস্থায় থাকে, সেজন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে।

পুলিশ এখন আক্রান্ত হলে গুলি করবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “পুলিশ একটি পেশাদার বাহিনী। আক্রমণের শিকার হলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

নির্দেশনা জানিয়ে বিভিন্ন নগরীর পুলিশ কমিশনার, বিভিন্ন রেঞ্জের ডিআইজি, র‌্যাবের মহাপরিচালকেও চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

যুদ্ধাপরাধী দুই মন্ত্রীর বিচারের চূড়ান্ত নিষ্পত্তির আগে দুই বিদেশি এবং এক প্রকাশক হত্যাকাণ্ডের মধ্যে ঢাকার গাবতলীতে এক এএসআইকে খুন করা হয়।

তার ১৫ দিনের মধ্যে ঢাকার সাভারের আশুলিয়ার বাড়ইপাড়ায় আরেক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যা করা হয়।

এর এক দিন পর পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে বাহিনীর শাখাগুলোকে ছয়টি নির্দেশনা দেওয়া হল।

কর্তব্যরত অবস্থায় পুলিশ সদস্যদের ‘রায়ট গিয়ার’ না পরার এবং ফোর্সের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তা অনুপস্থিত থাকার বিষয়টি গোচরে আসার বিষয়টি নির্দেশনায় উল্লেখ করা হয়।

Image
আশুলিয়ায় এই তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে হত্যা করা হয় এক পুলিশ কনস্টেবলকে

আশুলিয়ায় এই তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে হত্যা করা হয় এক পুলিশ কনস্টেবলকে

আশুলিয়ায় যে তল্লাশি চৌকিতে বুধবার সকালে যখন হামলা হয়েছিল, তখন পাঁচ কনস্টেবল থাকলেও ছিলেন না দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা।

চিঠিতে বলা হয়, ফুট পেট্রল, মোবাইল পেট্রল ও চেকপোস্ট ডিউটিতে কমপক্ষে পাঁচজন সদস্য থাকতে হবে এবং তার আগে ঊর্ধতন কর্তৃপক্ষ যথাযথভাবে নির্দেশনা দেবে।

যে কোনো ধরনের নাশকতা/বোমাবাজিসহ সব ধরনের অপতৎপরতা বন্ধে গোয়েন্দা তৎপরতা বাড়াতে এবং আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও নিরোধমূলক ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

চেকপোস্টে তল্লাশির সময় দুজন পুলিশ সদস্যকে লোডেড ম্যাগজিনসহ অনগার্ড অবস্থায় থাকতে বলা হয়েছে। বলা হয়েছে মোবাইল চেকপোস্ট জোরদার করতে।

মাঠপর্যায়ে মোতায়েন করা ফোর্সের সঙ্গে দায়িত্বশীল কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। বিচ্ছিন্নভাবে না থেকে দলবদ্ধভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্তব্যে নামার আগে পুলিশ সদস্যদের যথাযথভাবে রায়ট গিয়ার (বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট, লেগগার্ড) পরতে বলা হয়েছে। নিজেদের নামে ইস্যু করা অস্ত্র, গুলি ও অন্য সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যদের বলেছে পুলিশ সদর দপ্তর।

এই নির্দেশনা পালনে কোনো ধরনের শিথিলতা ও গাফিলতির পেলে সংশ্লিষ্ট ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

পুরনো খবর:

ঢাকায় তল্লাশির সময় ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত
আশুলিয়ায় পুলিশের খুনিরাও ছিল ‘এক মোটর সাইকেলে ৩ জন’