কোম্পানীগঞ্জের মিলন হত্যার তদন্তে সিআইডি
নোয়াখালীর কিশোর শামছুদ্দিন মিলন হত্যা মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছে আদালত।
জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা ভূঁইয়া বৃহস্পতিবার এ আদেশ দেন।
জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এটিএম মহিব উল্লাহ জানান, গোয়েন্দা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের উপর বৃহস্পতিবার আদালতে শুনানি হয়।
“মামলার বাদী, তদন্তকারী কর্মকর্তা ও আসামিপক্ষের আইনজীবীর উপস্থিতিতে শুনানি শেষে আদালত এ আদেশ দেয়।”
আদেশে সিআইডিকে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় বেঁধে দেওয়া হয় বলেও জানান পিপি মহিব উল্লাহ।
গত ২৯ জুলাই মামলার চূড়ান্ত প্রতিবেদনের উপর শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সমরেশ কুমার শীল মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসিকে মামলার সমস্ত নথিপত্র আদালতে হাজির করতে বলেন। একইসঙ্গে মামলার বাদী মিলনরে মা কহিনুর বেগমকে শুনানিতে হাজির থাকারও নির্দেশ দেওয়া হয়।
২০১১ সালের ২৭ জুলাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজারে পুলিশের গাড়ি থেকে নামিয়ে একদল লোক কিশোর শামসুদ্দিন মিলকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করে।
