৩৪তম বিসিএস: আরও ১৭ জনকে নিয়োগের সুপারিশ
চৌত্রিশতম বিসিএসের চূড়ান্ত ফলাফলে স্থগিত থাকা ১৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এদের মধ্যে প্রশাসন ক্যাডারে পাঁচজন, পররাষ্ট্রে দুইজন এবং পুলিশে দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া পশুসম্পদ ক্যাডারে পাঁচ জন, গণপূর্তে একজন এবং সাধারণ শিক্ষা ক্যাডারে দুইজনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি।
৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হলেও ২১ জনের ফল স্থগিত রেখেছিল কমিশন।
পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণাদি উপস্থাপন করায় বৃহস্পতিবার এদের মধ্য থেকে ১৭ জনের ফল প্রকাশ করে তাদের নিয়োগে সুপারিশ করা হয়েছে।
৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে ছয় হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হলেও এদের মধ্য থেকে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি।
৩৪তম বিসিএসে মোট দুই হাজার ১৭৬ জনকে নিয়োগে সুপারিশ করল কমিশন।
