২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জামিন আবেদন এমপি লিটনের

শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় আবার জামিন আবেদন করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 06:18 PM

Updated : 22 Aug 2022, 01:47 PM

বৃহস্পতিবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউছুফের আদালতে চতুর্থ দফায় তিনি এ আবেদন করেন।

সাংসদ লিটনের আইনজীবী সিরাজুল ইসলাম জানান, আদালত আগামী রোববার (৮ নভেম্বর) এ আবেদনের শুনানির দিন রেখেছে।

এদিকে বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় করা আরেক মামলায় বুধবার একই আদালত সাংসদ লিটনের জামিন মঞ্জুর করেছে বলে জানান তিনি।

সৌরভ হত্যাচেষ্টা মামলায় গত ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে লিটনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরদিন গত ১৫ অক্টোবর তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে আনা হয়। ওইদিন দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতে হাজির করার পর জামিন আবেদন করলে তা নাকচ হয়।

দ্বিতীয় দফায় গত ২৫ অক্টোবর একই আদালত দুটি মামলায় (হত্যাচেষ্টা এবং বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট) জামিন আবেদন নাকচ করে।

বুধবার (৪ নভেম্বর) একই আদালত বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট মামলায় জামিন মঞ্জুর করলেও হত্যাচেষ্টা মামলায় জামিন দেয় নি।।

গত ২ অক্টোবর লিটনের ছোড়া গুলিতে শিশু সৌরভ আহত হয়।

একই দিন লিটনের লোকজন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মন্ডলের বাড়িতে হামলা ও লুটপাট করে বলে অভিযোগ ওঠে।

গত ৩ অক্টোবর রাতে লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। পরে ৭ অক্টোবর লিটনসহ ১০ জনকে আসামি করে হামলার ঘটনায় আরেকটি মামলা করেন উপজেলার শাহাবাজ গ্রামের হাফিজার মণ্ডল।

সাংসদ লিটন বর্তমানে গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন।