সরকার জঙ্গিবাদ হঠাতে না পারলে রাষ্ট্রও নিরাপদ নয়: ইমরান
বর্তমান সরকার ‘জঙ্গিবাদ দমনের কথা বলে’ ক্ষমতায় এসেছে মন্তব্য করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, সেই প্রতিশ্রুতি পূরণ না হলে রাষ্ট্রও নিরাপদ থাকবে না।
লেখক-প্রকাশক হত্যা ও হামলার প্রতিবাদে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল এবং মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে স্মারকলিপি দেওয়ার পর এ কথা বলেন তিনি।
ইমরান বলেন, “লেখক-প্রকাশক হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছেন, এই দেশ জঙ্গিবাদীদের স্থান হবে না।
“এই সরকার জঙ্গিবাদকে দমন করবে বলে ক্ষমতায় এসেছে। যদি দমন না করতে পারে তাহলে রাষ্ট্রও নিরাপদ নয়।”
গত ৩১ অক্টোবর শাহবাগে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। একই দিনে লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদ রশিদ টুটুল, কবি তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে হত্যার চেষ্টায় কুপিয়ে আহত করা হয়।
এর আগে ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের অগাস্ট পর্যন্ত সময়ে ব্লগার আহমেদ রাজীব হায়দার, গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ রায়হান দীপ, লেখক অভিজিৎ রায়, ব্লগার ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাশ ও নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে একই কায়দায় হত্যা করা হয়।
এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে আধাবেলা হরতাল করে গণজাগরণ মঞ্চ। এরপর বৃহস্পতিবার মন্ত্রণালয় অভিমুখে এই কফিন মিছিল হয়।
বেলা ১১টার দিকে শাহবাগ থেকে এই কফিন মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও দোয়েল চত্বর হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হন গণজাগরণ মঞ্চের কর্মীরা। নিহত ব্লগার ও প্রকাশক হত্যার প্রতিবাদে এ সময় ছয়টি প্রতীকী কফিন বহন করেন তারা।
তাদের এ কর্মসূচি ঘিরে সচিবালয় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। হাই কোর্ট হয়ে জাতীয় প্রেসক্লাব পার হওয়ার পর সচিবালয়ের পশ্চিম ফটকে এসে কফিন মিছিল পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে।
পুলিশের বাধায় আর এগোতে না পেরে সেখানেই বসে পড়ে বিক্ষোভ শুরু করেন মঞ্চের কর্মীরা।
জঙ্গিবাদীদের হামলার বিষয়ে সরকারের ‘নীরবতায়’ হামলাকারীরা ‘উৎসাহিত হচ্ছে’ বলেও মন্তব্য করেন মঞ্চের মুখপাত্র।
পরে ইমরানসহ সাত সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে আসেন।
বেলা ২টার দিকে সচিবালয় থেকে বেরিয়ে ইমরান সাংবাদিকদের বলেন, শুক্রবারের সংহতি সমাবেশ থেকে মঞ্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
