পিকনিক স্পটে যুবকের মৃত্যু, তরুণী আটক
গাজীপুর সদরে যুবকের লাশ উদ্ধারের পর এক তরুণীকে আটক করেছে পুলিশ।
পিরুজালী মণ্ডলপাড়া থেকে বৃহস্পতিবার সকালে মনিরুজ্জামান মণ্ডলের (৩৫) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মনিরুজ্জামান পিরুজালী গ্রামের মণ্ডলপাড়ার নূরুল ইসলাম মণ্ডলের ছেলে।
আটক তরুণীর (২২) বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের বাউপাড়া এলাকায়।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই নাজমুল ইসলাম জানান, পিরুজালী ‘তরুবীথি’ পিকনিক স্পটে মাদক ও নারীসহ কিছু যুবক অবস্থান করার খবর পেয়ে বুধবার মধ্যরাতে পুলিশ সেখানে অভিযান চালায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পট থেকে অন্যরা পালিয়ে গেলেও নারীসহ মনিরুজ্জামানকে পায় পুলিশ। ওই সময় পুলিশ দেখে মনিরুজ্জামান হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন।”
পরে ওই তরুণী মনিরকে চিকিৎসা করানোর কথা বলে পুলিশের কাছ থেকে রেখে দেন বলে জানান এসআই নাজমুল।
ওই তরুণীর বরাত দিয়ে এসআই নাজমুল জানান, কিছুক্ষণ পর পুলিশ চলে গেলে স্পটেই মনিরের মৃত্যু হয়।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে মনিরের লাশ নিয়ে ওই নারী চলে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে মনিরের বাড়িতে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।
“পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং ওই তরুণীকে থানায় নিয়ে যায়।”
মৃত যুবকের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানান তিনি।
এসআই নাজমুল আরও জানান, মৃত যুবক ও আটক তরুণী মাদক বেচাকেনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।
