২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে পলাতক আসামি নিহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 11:52 AM

Updated : 22 Aug 2022, 01:47 PM

নিহত সেন্টু ওরফে পিচ্চি সেন্টু (৩৫) উপজেলার পশ্চিম সোনরংয়ের জয়নাল ব্যাপারীর ছেলে।

পুলিশ বলছে, সেন্টুর বিরুদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ বিভিন্ন আইনের আটটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির এক মামলায় দুই বছরের সাজার আদেশ মাথায় নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন।

টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান,  সেন্টুকে বুধবার পাইকপারা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরের দিকে তাকে নিয়ে পুলিশ কাঁঠাদিয়ায় অস্ত্র উদ্ধারে যায়। সেখানেই গোলাগুলির এ ঘটনা ঘটে।

“সেখানে ওঁৎ পেতে থাকা সেন্টুর সহযোগীরা পুলিশের দিকে গুলি চালায়। এরপর পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সেন্টু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছয়টি গুলি তার গায়ে লাগে।”

পরে সেন্টুর লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান ওসি।

তিনি বলছেন, বন্দুকযুদ্ধের সময় টঙ্গীবাড়ি থানার এসআই জসিম উদ্দিন, কনস্টেবল দেলোয়ার হোসেন ও মিজানুর রহমান আহত হয়েছেন। তাদের মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।