২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হত্যা: অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি

সাভারের আশুলিয়ায় তল্লাশি চৌকিতে এক কনস্টেবলকে কুপিয়ে হত্যার ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2015, 11:07 AM

Updated : 22 Aug 2022, 01:47 PM

আশুলিয়া থানার এস আই আজহারুল ইসলাম বুধবার রাতে এই মামলা করেন।

হামলার বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে ঢাকা জেলার এএসপি নাজমুল হাসান কিরণ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের এই তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শফিকুর রহমান।

এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে রাতেই আশুলিয়া থানার এসআই হাবিবুর রহমানকে  রাজারবাগ পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ইপাড়া এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে মুকুল হোসেন নামের এক কনস্টেবলকে হত্যা এবং আরও একজনকে জখম করে মোটর সাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ওই ঘটনায় তিনজন হামলাকারী অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও মামলার এজাহারে পুলিশ কোনো সংখ্যা উল্লেখ করেনি। 

এএসপি নাজমুল বলেন, “ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন সাতজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনও মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি।”

হামলাকারীদের শনাক্ত করতে আশুলিয়ার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরবাইকে তল্লাশি চালানো হচ্ছে।

বাড়ইপাড়ার যে চেকপোস্টে হামলা হয়েছিল, সেটি সামান্য সরিয়ে নিয়ে পাশেই আবার নিয়মিত তল্লাশি কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান নাজমুল।

সিআইডির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদশর্ন করেছে। তবে বাড়ইপাড়ার নন্দন পার্কের সামনের পরিবেশ এখনও থমথমে। ঘটনাস্থলের আশপাশের সব দোকান-পাটও বন্ধ।

ওই এলাকায় দায়িত্বরত শিল্প পুলিশ-১ এর উপপরিচালক কাওসার শিকদার ঘটনার পর সাংবাদিকদের বলেন, অস্ত্র ছিনতাই করতে না পেরে  ছুরিকাঘাত করে হামলাকারীরা।

তবে হামলার পর ঘটনাস্থল পরিদর্শনের সময় ‍অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, যারাই এ ঘটনা ঘটিয়েছে, তারাই সবাই ‘প্রশিক্ষিত’। গত মাসে ঢাকার গাবতলীর হামলা এবং বাড়ইপাড়ার হামলা ‘একই সূত্রে গাঁথা’।

একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকরের বিষয়টি ‘নস্যাৎ করার জন্য’ এ ধরনের হামলা চালানো হচ্ছে।

পুরনো খবর:

আইনশৃঙ্খলা বাহিনীর সামর্থ্য নিয়ে প্রশ্ন হানিফের