২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাধার ভরাটরোধে ভ্রাম্যমাণ আদালত

জলাধার ভরাট এবং জাহাজ ভাঙ্গার সময় বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 11:07 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

এজন্য মোবাইল কোর্ট আইনের তফসিলে পরিবেশ সংরক্ষণ আইনের কয়েকটি ধারা অন্তর্ভুক্ত করে আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পরিবেশ আইনে বলা হয়েছে, জলাধার হিসাবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না।

এখন এই আইন অমান্যকারীদের শাস্তি দিতে পারবে ভ্রাম্যমাণ আদালত।

কেউ জলাধার ভরাট করলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে আইনে।

পরিবেশ আইন অনুযায়ী, কোনো জাহাজ কাটা বা ভাঙ্গার ফলে কোনো প্রকার ঝূঁকিপূর্ণ বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি না হয় তা প্রত্যেক জাহাজের মালিক, আমদানিকারক এবং জাহাজ কাটা বা ভাঙ্গার কাজে ইয়ার্ড ব্যবহারকারী নিশ্চিত করতে বাধ্য থাকবেন।

প্রথমবার এই আইন ভাঙলে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ডের বিধান রয়েছে।

তফসিল সংশোধন হওয়ায় এই আইন অমান্যকারীদের এখন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া যাবে।

পরিবেশ আইনের ৬(ক) ধারাও মোবাইল কোর্ট আইনের তফসিলে যুক্ত হয়েছে।

এই ধারায় বলা হয়েছে, কোনো প্রকার পলিথিন শপিং ব্যাগ বা পলিইথাইলিন বা পলিপ্রপাইলিনের তৈরি কোনো পরিবেশের জন্য ক্ষতিকর হলে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সামগ্রীর উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবে।

এই আইন ভঙ্গ করলে প্রথম অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড ভোগ করতে হবে।