২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌর ভোট এক দিনে করতে চায় ইসি

নির্বাচন উপযোগী পৌরসভাগুলোতে ডিসেম্বরের শেষভাগে একদিনে ভোট করার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 10:58 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন করতে আইন সংশোধনের অধ্যাদেশ জারির পর ইসির এই পরিকল্পনা বুধবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের জানান তিনি।

ডিসেম্বরের প্রথম দিকে স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হবে। জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা নিয়ে ইসি কর্মকর্তারা ব্যস্ত থাকবেন। আবার জানুয়ারিতে শুরু হবে বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা।

“সব মিলিয়ে মনে হচ্ছে, ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ করতে পারলে নির্বাচন কমিশনের জন্য ভালো হবে,” বলেন জাবেদ আলী।  

বাংলাদেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে প্রায় আড়াইশটিতে ডিসেম্বরে নির্বাচন করতে হবে ইসিকে। 

এসব পৌরসভায় নির্বাচন এক দিনে করা হবে কি না- জানতে চাইলে জাবেদ আলী বলেন, “এক দিনেই নির্বাচন করা হবে, এমন চিন্তা ভাবনাই ইসি করছে।”

ভোটের তফসিল ঘোষণার বিষয়ে তিনি  বলেন, নভেম্বরে মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করতে পারবেন বলে তারা আশাবাদী।

২০১১ সালে জানুয়ারিতে অনুষ্ঠিত সর্বশেষ পৌরসভা নির্বাচন চার দিনে অনুষ্ঠিত হয়েছিল। উপজেলা ভোট ধাপে ধাপে করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার পর একদিনে পৌর ভোট করার কথা ভাবছে ইসি।

দলভিত্তিক পৌরসভা ভোট করতে অধ্যাদেশের গেজেটও জারি হয়েছে মঙ্গলবার। এ আলোকে নির্বাচন বিধিমালা, আচরণ বিধিমালা সংশোধন গুছিয়ে রেখেছে ইসি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার জাবেদ বলেন, “বিধিমালা মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। বিধিমালাগুলো আজকের মধ্যে আইন মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা। সেখানে থেকে এলে কমিশন নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক করবে।”

বিধি সংশোধনে রাজনৈতিক দলের সংলাপ বা তাদের মতামত নেওয়া হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, “নিতে পারলে ভালো হত। তবে সময় কম থাকায় নেওয়া হয়নি। তবে এ আইনে এমন কিছু বিষয় রাখা হয়নি, যাতে রাজনৈতিক দলগুলো ভিন্নমত প্রকাশ করবে।”

স্বতন্ত্র সমর্থন: মেয়র পদে ১০০, কাউন্সিলর ৩০

স্বতন্ত্র প্রার্থী হতে সমর্থন তালিকায় ভোটার সংখ্যার আরো কম রাখার ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী।

সংসদে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটার থাকায় তার সঙ্গে সমন্বয় রাখতে পৌরসভায় মেয়র পদে ৪০০ এবং কাউন্সিলর পদে ৫০ ভোটারের সমর্থনের বিধান রাখার প্রস্তাব করে ইসি সচিবালয়।

পরে নির্বাচন কমিশনাররা তা কমানোর প্রস্তাব দেয়।

ইসির যুগ্ম সচিব (আইন) মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেষ পর্যন্ত মেয়র পদে ১০০ ভোটার ও সাধারণ-সংরক্ষিত কাউন্সিলর হতে ৩০ জন ভোটারের সমর্থন তালিকার প্রস্তাব থাকছে।

এর মধ্যে মনোনয়নপত্র বাছাইকালে দ্বৈবচয়নের ভিত্তিতে মেয়রের ৫ জন ও কাউন্সিলরের ৩ জন সমর্থকের তথ্য বাছাই করা হবে।

আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে ইসির সার্বিক প্রস্তাবে পরিবর্তনও আসতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।

পুরনো খবর:

পৌর ভোটে দলীয় ব্যয় এক লাখের বেশি নয়
দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের অধ্যাদেশ জারি
পৌর নির্বাচন ডিসেম্বরের শেষে
পৌর নির্বাচনও একদিনে করার ইঙ্গিত