রাবি উপাচার্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন লিটনের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দলের লোককে নিয়োগ না দেওয়ায় উপচার্য ও উপ-উপাচার্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
বুধবার জেল হত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “আপনি আপনার যোগ্যতায় ভিসি হননি, প্রোভিসি হননি। আপনি আওয়ামী লীগ করেন বলে ভিসি-প্রোভিসি হয়েছেন।”
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আওয়ামী লীগ নেতাকর্মীদের কারণে শান্ত রয়েছে বলে দাবি করে লিটন এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ক্রেডিট না নেওয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ে পদ শূন্য থাকা সত্ত্বেও বর্তমান প্রশাসন নিয়োগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি উপাচার্যের উদ্দেশে বলেন, “আপনি বলেছিলেন, ‘আমি একবার শুধু ভিসি হই লিটন ভাই লিস্ট ধরে ধরে চাকরি দেব’।”
অথচ যোগ্যতা থাকা সত্ত্বেও স্বচ্ছতার কথা বলে কর্তৃপক্ষ কোনো নিয়োগ দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় ওই সভায় আরও বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা প্রমুখ।
আলোচনা সভা ছাড়াও ‘জেল হত্যা দিবস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আলোকচিত্র প্রদর্শনী ও রক্তদান কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
