২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ ফ্লাইওভারে মোটর সাইকেল চালক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল উল্টে এর চালক মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 01:46 PM

গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই মোটর সাইকেলের আরেক আরোহীও।

দুর্ঘটনাস্থল থেকে মো. নজরুল (২৫) নামে ওই যুবককে বুধবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানিয়েছে।

হানিফ ফ্লাইওভারের এর আগে বেশ কয়েকটি মোটর সাইকেল দুর্ঘটনায় কয়েকজন নিহত হয়েছেন। ফ্লাইওভারের ‘এক্সপানশন জয়েন্ট’র ফাঁক বড় হওয়ায় ছোট চাকার যান মোটর সাইকেলের জন্য তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে বিশেষজ্ঞদের মত।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে আহত দুই যুবককে হাসপাতালে আনা হয়। একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত নজরুলের স্বজন পরিচয় দিয়ে জনি হোসেন নামে এক যুবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রাবাড়ি থানা পুলিশের কাছ থেকে ফোন পেয়ে দুর্ঘটনার কথা জানতে পারেন তারা।

যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে দেখি ফ্লাইওভারের দেয়ালের সঙ্গে নজরুল ও তার মোটর সাইকেল মুখ থুবড়ে পড়ে আছে। মনে হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে সে দুর্ঘটনার শিকার হয়েছে।”

দুর্ঘটনায় আহত বিদ্যুৎ নিহত নজরুলে ভাই বলে জানান জনি। তাদের বাসা জুরাইনের মুরাদপুরের খালপাড়ে।

পুরনো খবর:

হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনার কারণ ‘এক্সপানশন জয়েন্ট’!