ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ খান জানান, বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ -রাজশাহী মহাসড়কের মহিশালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মহিশালবাড়ী গ্রামের দুলাল হোসেন (১৮) ও ডলার শেখ (২৮)। দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ফরহাদ বলেন, দুপুর দেড়টার দিকে একটি ট্রাক চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে বিপরীতমুখী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে দুলালের এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অপর আরোহী ডলারের মৃত্যু হয় বলে জানান ওসি।
