রাবিতে মসজিদের পাশে ‘গ্রেনেড’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি ‘গ্রেনেড সদৃশ বস্তু’ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ, যার অদূরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে ‘জেল হত্যা দিবস’ এর আলোচনা সভা হওয়ার কথা।
মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান, বুধবার সকালে প্রক্টরের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। মসজিদ চত্বর ঘিরে রাখা হয়েছে।
তিনি বলেন, “র্যাব-৫ এর বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে বস্তুটি গ্রেনেড বলেই ধারণা করা হচ্ছে; যা নাশকতার জন্য কেউ ফেলে গেছে।”
মসজিদের ঘাস কাটতে আসা এক কর্মচারী বস্তুটি দেখতে পান বলে জানান প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মসজিদের ইমাম খবর দিলে পুলিশসহ সেখানে গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি দেখতে পাই।”
ওই স্থানের অদূরে বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে ‘জেল হত্যা দিবস’ এর আলোচনা সভা হওয়ার কথা। সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা।
র্যাবের বিশেষজ্ঞ দল জয়পুরহাটে অবস্থান করছে জানিয়ে ওসি হুমায়ুন কবির বলেন, “বিশেষজ্ঞ দল না এলে গ্রেনেডটি সক্রিয় না নিস্ক্রিয় তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।”
