২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দিনের সফরে নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে নেদারল্যান্ডস পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

হেগ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2015, 08:43 AM

Updated : 12 Oct 2022, 04:22 PM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হেগের স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের শিফল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা।

নেদারল্যান্ডসের অবকাঠামো ও পরিবেশ বিষয়ক মন্ত্রী মেলানি শুলজ ফ্যান হেগেন, নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এবং বাংলাদেশে ডাচ রাষ্ট্রদূত লিওন মার্গারেথা কিউলেনেরা বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে আসা হয় গ্র্যান্ড হোটেল আমরাথ কুরহাউস দি হেগে।

হোটেলের বাইরে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা সহস্রাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী ‘জয় বাংলা’ স্লোগানে দলীয় প্রধান শেখ হাসিনাকে স্বাগত জানান।

দুই প্রবাসী বাংলাদেশি শিশু হোটেল লবিতে প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। প্রধানমন্ত্রী এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ছবি তোলেন।

মঙ্গলবার সকাল সোয়া ৮টায় বিমানের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। নেদারল্যান্ডসের পথে আবুধাবিতে যাত্রাবিরতি করেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে তিনি আবুধাবিতে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ইমরান তাকে স্বাগত জানান।

সেখানে পাঁচ ঘণ্টা যাত্রা বিরতি শেষে স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় বিমানের বিশেষ ফ্লাইটে আমস্টার্ডামের পথে যাত্রা করেন শেখ হাসিনা।

বুধবার তিনি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকারি বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন।

বৈঠকের পর একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মার্ক রুটের দেওয়া নৈশভোজেও শেখ হাসিনা অংশ নেবেন।

বুধবার সকালে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়কমন্ত্রী লিলিয়ান প্লুমেন এবং পরিবশ বিষয়ক মন্ত্রী মেলেনি শুলজ ফন হেগেন। সেদিন দুপুরেই প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের ব-দ্বীপাঞ্চল এবং পোতাশ্রয় ফিউচার ল্যান্ড পরিদর্শন করবেন।

ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা। সফরের শেষ দিন বৃহস্পতিবার তিনি একটি ব্যবসায়িক সেমিনারে যোগ দেবেন।

সেমিনার শেষে একটি ফল ও সবজি উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠানটি টমেটো উৎপাদনের জন্য বিখ্যাত।

বৃহস্পতিবার বিকালে এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা। এরপর রাতে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়ে শুক্রবার ঢাকায় পৌঁছবেন তিনি।