২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে জালিয়াতি করে ধরা পড়া ঢাবির ছাত্রলীগ নেতা বহিষ্কৃত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ছাত্রকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 11:53 PM

Updated : 22 Aug 2022, 01:45 PM

বহিষ্কৃতরা হলেন- খলিলুর রহমান আনোয়ার, মাহফুজুর রহমান ইমন ও ওয়ালিউর হোসেন জনি। ইমন সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরেকজনের হয়ে পরীক্ষা দেওয়া ও তাকে সহযোগিতা করার অভিযোগ পাওয়ায় প্রক্টরিয়াল বিধির ৫(২) ধারা অনুযায়ী ওই তিনজনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।”

আনোয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি। সেখানে পড়াশোনা শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর পর্বে ভর্তি হয়েছেন।

Image
মাহফুজুর রহমান ইমন

মাহফুজুর রহমান ইমন

বহিষ্কৃত জনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ও আনোয়ার দুজনই জহুরুল হক হলে থাকেন।

সোমবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলার সময় জনি ধরা পড়েন। তিনি টাকার বিনিময়ে অন্য একজনের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন, তাকে এই কাজে সহযোগিতা করেন ছাত্রলীগের দুই নেতা।

জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমন ও আনোয়ারের সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তিতে তিনি অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন।

এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় তিনজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও দুজনের বিরুদ্ধে মামলা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন।

Image
ওয়ালিউর হোসেন জনি (বাঁয়ে) ও খলিলুর রহমান আনোয়ার

ওয়ালিউর হোসেন জনি (বাঁয়ে) ও খলিলুর রহমান আনোয়ার

আশুলিয়া থানার ওসি মহসীন-উল কাদির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জালিয়াতির অভিযোগে ওয়ালিউর হোসেন জনি ও খলিলুর রহমান আনোয়ারের বিরুদ্ধে ১৯৮০ সালের ‘পাবলিক পরীক্ষা আইন (অপরাধ)’-এর ৩ (খ/১৩) ধারায় মামলা করা হয়েছে।”

জনি ও আনোয়ারের বিরুদ্ধে মামলা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমনের বিরুদ্ধে মামলা করেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইমনকে আসামি করা হয়নি কেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে জানতে চাওয়া হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা টেলিফোনে এই বিষয়ে কথা বলতে রাজি হননি।

আনোয়ারকে সোমবার রাতেই সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে ইমনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়নি।

পুরনো খবর:

পরীক্ষায় জালিয়াতি: জাবি ছাত্রলীগ নেতাসহ আটক ২