২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় জালিয়াতি: জাবি ছাত্রলীগ নেতাসহ আটক ২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 10:44 PM

Updated : 12 Oct 2022, 04:21 PM

আটকরা হলেন- খলিলুল রহমান আনোয়ার (২৯) ও ওয়ালি হোসেন জনি (২১)।

এদের মধ্যে আনোয়ার জাবি ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও বাংলা বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী।

আর জনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

সোমবার দুপুর ২টায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা চলাকালীন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০৩ নম্বর কক্ষ থেকে দায়িত্বরত শিক্ষক ও বিএনসিসি সদস্যরা তাদের আটক করেন।

অভিযুক্ত ঢাবি শিক্ষার্থী জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মাহফুজুর রহমান ইমন ও আনোয়ার হোসেনের সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তিতে ছানাউল হোসেনের পরিবর্তে আমি পরীক্ষা দিতে এসেছিলাম।

“তারা আমাকে বলেছিল, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে বিষয়টি তারা দেখবে।”

তবে এ বিষয়ে আটক ছাত্রলীগ নেতা আনোয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

প্রক্টর তপন কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এদিকে জালিয়াতিতে জড়িত থাকায় ইতোমধ্যে আনোয়ারকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল।

পরীক্ষার হলে কর্তব্যরত ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এ টি এম শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পঞ্চম শিফটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা দিতে হলে প্রবেশ করে জনি।

“পরে উত্তরপত্র স্বাক্ষর করার সময় তার প্রবেশপত্রের সঙ্গে ছবির মিল না পাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করি। এ সময় আনোয়ার পরীক্ষার হলে ঢুকে আমাকে ধাক্কা দিয়ে জনিসহ দৌড়ে পালাতে চেষ্টা করে।”

সঙ্গে সঙ্গে তিনি চিৎকার দিয়ে সবাইকে ডাকলে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সামনে দায়িত্বরত বিএনসিসির সদস্যরা তাদের আটক করে।

ওই শিক্ষক বলেন, “এসময় আনোয়ার বিএনসিসির সদস্যদের গায়ে কিল-ঘুষি ও কামড় দিয়ে পালাতে চেষ্টা করে।”

পরে তাদের প্রক্টরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।