ছাত্রকে মারধরের জেরে ঢাবিতে বাসে আগুন
এক শিক্ষার্থীকে মারধরের জেরে গাজীপুর থেকে সদরঘাট রুটে চলাচলকারী স্কাইলাইন পরিবহনের একটি বাস ক্যাম্পাসে নিয়ে তাতে আগুন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের একদল ছাত্র।
মঙ্গলবার বিকালে রাজধানীর জিরো পয়েন্ট থেকে স্কাইলাইনের বাসটি শহীদুল্লাহ হলের সামনে নিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাতে আগুন দেওয়া হয়।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, “হাফ ভাড়াকে কেন্দ্র করে সোমবার ওই হলের এক ছাত্রলীগ কর্মীকে পরিবহন শ্রমিকরা মারধর করে। এর জের ধরে বাসটিতে আগুন দেওয়া হয়।”
এই পুলিশ কর্মকর্তা ও কয়েকজন শিক্ষার্থী জানান, শহীদুল্লাহ হলের এক ছাত্র সোমবার খিলক্ষেত থেকে আজমেরী পরিবহনের একটি বাসে উঠেন। শিক্ষার্থী পরিচয়ে হাফ ভাড়া দেওয়ায় ওই বাসের শ্রমিকরা তাকে ক্যাম্পাসে নামতে না দিয়ে বংশালে নিয়ে যায়।
“সেখানে স্কাইলাইন পরিবহনের এক শ্রমিকের সহায়তায় ওই শিক্ষার্থীকে মারধর করে আটকে রাখা হয়। খবর পেয়ে হল ছাত্রলীগের নেতারা তাকে ছাড়িয়ে নিয়ে আসেন,” বলেন ওসি সিদ্দিক।
বিষয়টি নিয়ে মঙ্গলবার মীমাংসা বৈঠক হওয়ার কথা ছিল জানিয়ে তিনি বলেন, এর মধ্যেই হলের ছাত্ররা একটি বাস এনে তাতে আগুন দিয়ে দেয়।
বাসে আগুন দেওয়ার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। বাসের চালক ও হেল্পারকেও মারধর করা হয়েছে।
দুজনকে উদ্ধার করে শাহবাগ থানায় আনা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, “গতকাল হলের এক শিক্ষার্থীকে পরিবহন শ্রমিকরা মারধর করেছে। আমরা বিষয়টি মীমাংসা করে দিতে চেয়েছিলাম। এরমাঝে নতুন এই ঘটনা ঘটল। এখন তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আগুন দেওয়ার ঘটনায় আমরা লজ্জিত।”
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, “এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ভবিষ্যতে যাতে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের ঝামেলা না হয়, সেটা আমরা আলোচনার মাধ্যমে দেখব।”
