শেখ হাসিনার সমাবেশে চাপাতিসহ যুবক গ্রেপ্তার
সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার সমাবেশ থেকে চাপাতিসহ এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
শাহ আলম (২২) নামে ওই যুবকের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সোমবার সমাবেশের সময় তাকে গ্রেপ্তার করা হলেও মঙ্গলবার তা প্রকাশ পেয়েছে।
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক ওই যুবকের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগে চাপাতিটি পাওয়া গিয়েছিল।”
জেল হত্যা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আশপাশের জেলাগুলো থেকে দলের বিভিন্ন সহযোগী সংগঠনগুলোও মিছিল নিয়ে যোগ দিয়েছিল।
প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ থেকে ওই যুবককে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সমাবেশের মঞ্চ ছিল ফটকের কয়েকশ’ গজ দূরে।
শাহ আলম পুলিশকে বলেছেন, শমসের আলী নামে কাচপুরের এক স্বেচ্ছাসেবক লীগের নেতার সঙ্গে তিনি এসেছিলেন। সংগঠনের মধ্যে তার প্রতিপক্ষ থাকায় ‘নিরাপত্তার স্বার্থে’ চাপাতিটি তিনি সঙ্গে রেখেছিলেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহ আলম ভাড়াটে ক্যাডার হিসেবে কাজ করে। তার রাজনৈতিক কোনো পরিচয় নেই।
“চাপাতি চালানোতে তার আগের অভিজ্ঞতা আছে। তার নামে নারায়গণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি মামলাও রয়েছে।”
শমসেরকেও খুঁজছে পুলিশ। তবে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানান।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহ আলমের বিরুদ্ধে গত মাসে একজনকে কুপিয়ে জখম করার ঘটনায় একটি মামলা রয়েছে।
শমসের আলীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ও এলাকায় ঘোরাঘুরি করে। তেমন কিছু করে না।”
শাহ আলমকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করেছে। বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।
চাপাতি দিয়ে কুপিয়ে এক প্রকাশককে হত্যা এবং তিনজনকে জখমের দুদিন বাদেই প্রধানমন্ত্রীর সমাবেশে ধারাল অস্ত্রসহ এই যুবক ধরা পড়লেন। এই অস্ত্রটি বাংলাদেশে জঙ্গিদের ব্যবহারের নজির রয়েছে।
শাহ আলমের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ প্রথমে ধারণা করেছে, শাহ আলম জঙ্গি। তবে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। কাল (বুধবার) তাকে আদালতে পাঠিয়ে শাহবাগে প্রকাশক হত্যাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে চাওয়া হবে।”
রিমান্ডে পাওয়া গেলে তার কী পরিকল্পনা ছিল, তা আরও বিস্তারিত জানা যাবে, বলেন গোয়েন্দা কর্মকর্তা খালেদ।
