হরতালে পরীক্ষা পেছানোয় ইমরানের দুঃখ প্রকাশ
হরতাল ছাড়া কোনো বিকল্প ছিল না মন্তব্য করে এই কর্মসূচির জন্য জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সারা দেশের মানুষ স্বতংস্ফূর্তভাবে হরতাল পালন করেছে দাবি করে তিনি বলেছেন, আইন-শৃঙ্খলাবাহিনীর ‘নির্লিপ্ততায়’ জনগণের জান-মালের যে অনিরাপত্তা তৈরি হয়েছে তার প্রতিবাদে এবং দেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তার দাবিতে ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
যারা রাজপথে থেকে হরতাল সফল করতে ভূমিকা রেখেছেন এবং যারা এই কর্মসূচি সমর্থন করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
হরতালের মতো কর্মসূচি দেওয়ার কারণ ব্যাখ্যায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “এই হরতাল ছাড়া আর কোনো বিকল্প ছিল না। বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা পালন করেছিলাম। এর পরও আমাদের সহযোদ্ধাদের একের পর এক হত্যা করা হচ্ছে, লাশ বাড়ছে- সেজন্যই হরতাল ডেকে ছিলাম।”
সকাল ১০টায় জেএসএসি ও জেডিসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও হরতালের কারণে তা পিছিয়ে বেলা ২টা থেকে নেওয়া হয়।
জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতালের ডাক দিয়েছিল গণজাগরণ মঞ্চ।
এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে সরকারকে একটি বার্তা দেওয়া গেছে মন্তব্য করে ইমরান বলেন, “তাদের আমরা যুদ্ধাপরাদের বিচার এবং জঙ্গিবাদ দমনের জন্য ক্ষমতায় পাঠিয়ে ছিলাম। তাই তাদের ক্ষমতায় থাকতে হলে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং জঙ্গি দমন করতে হবে, সন্ত্রাস দমন করতে হবে।
“একইসঙ্গে যুদ্ধাপরাধের বিচার করতে হবে। এই বার্তা তাদের কাছে পৌঁছে গেছে।”
হরতালের পর দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার বেলা ১১টায় শাহবাগ থেকে ‘কফিন মিছিল’ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করবেন মঞ্চের কর্মীরা।
এই কর্মসূচির কথা জানিয়ে ইমরান এইচ সরকার বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইব, কেন তারা আমাদের সহযোদ্ধাদের একের পর এক লাশ হওয়ার সুযোগ করে দিচ্ছে, কেন তারা অপরাধীদের গ্রেপ্তার করছে না, কেন তারা নির্লিপ্ত থাকছে, কেন তারা বিচ্ছিন্ন ঘটনা বলে বার বার চালিয়ে দিচ্ছে?”
এছাড়া শুক্রবার বিকালে সংহতি সমাবেশের আয়োজন করবে জাগরণ মঞ্চ। ওই দিন বিকাল ৩টায় অনুষ্ঠেয় সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাবসী ছাত্র-শিক্ষকসহ সব পেশার মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান।
