২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকে ধূমপানের দৃশ্য: ব্যাখ্যা চেয়ে পাঁচ টিভিকে চিঠি

নাটকে ধূমপানের দৃশ্য প্রদর্শন করায় পাঁচটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 06:00 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

এই টিভি স্টেশনগুলো হল- এটিএন বাংলা, আরটিভি, এনটিভি, মাছরাঙা ও বাংলাভিশন।

বাংলাদেশ এনভায়রনমেন্ট কাউন্সিলের অভিযোগের ভিত্তিতে জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আখতারুজ্জামান তালুকদারের স্বাক্ষরে গত ১ নভেম্বর চিঠি দেওয়া হয় এই পাঁচ টিভিকে।

গত ঈদুল ফিতরের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের নাটককের উপর সমীক্ষা চালিয়ে একটি ‘ফ্যাক্টশিট’ তৈরি করে বাংলাদেশ এনভায়রনমেন্ট কাউন্সিল।

সমীক্ষার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এনভায়রনমেন্ট কাউন্সিলের পরিচালিত ঈদের এক সপ্তাহজুড়ে (১৭-২৪ জুলাই ২০১৫) বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত জনপ্রিয় ঈদ নাটকগুলোর ওপর পর্যবেক্ষণমূলক গবেষণায় এর প্রমাণ মিলেছে।

‘গবেষণায় টেলিভিশন রেটিং পয়েন্ট বা টিআরপির ভিত্তিতে নির্বাচিত প্রথম ছয়টি এন্টারটেইনমেন্ট টেলিভিশন চ্যানেলের প্রচারিত মোট ৭৬টি নাটক নিয়ে এই গবেষণা করা হয়।

এতে দেখা যায়, পাঁচটি চ্যানেলের ১০টিতেই ধূমপানের দৃশ্য রয়েছে। এগুলোতে ৫২ বার ধূমপানের দৃশ্য ব্যবহার করা হয়েছে, যার মধ্যে কেবল একটি নাটকেই ৩০ বার ধূমপানের দৃশ্য দেখানো হয়েছে।’

গবেষণায় চ্যানেল আই এর নাটক দেখা হলেও ওই সময়ে তাদের নাটকে কোন ধূপমানের দৃশ্য দেখা যায়নি।

তামাকবিরোধী সংগঠনগুলোর মতে, আইন অনুযায়ী কেবল সিনেমায় কাহিনীর প্রয়োজনে ‘অত্যাবশ্যক’ হলে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য দেখানোর বিধান রয়েছে, তবে সেক্ষেত্রে ওই দৃশ্য দেখানোর সময় তার নিচে ‘ধূমপান/তামাক সেবন মৃত্যু ঘটায়’ এই সতর্কবাণী প্রচার করতে হবে।