প্রধানমন্ত্রী নিশ্চিত হয়েই বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর জন্য খালেদা জিয়াকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যকে ‘যথার্থ’ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “প্রধানমন্ত্রী যা বলেছেন, নিশ্চিত হয়েই বলেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য যথার্থ।”
একদিন আগে শেখ হাসিনা বলেছিলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচালের উদ্দেশ্যে বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন খালেদা জিয়া।
যুদ্ধাপরাধী সাবেক দুই মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মো. মুজাহিদের আইনি কার্যক্রমের চূড়ান্ত নিষ্পত্তির আগে দুই বিদেশি খুন এবং প্রকাশক-ব্লগারদের উপর হামলার প্রেক্ষাপটে একথা বলেন তিনি।
দুই বিদেশি হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মধ্যে বিএনপি নেতা হাবিবউন নবী খান সোহেলের এক ভাই রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলে আসছেন, খুনের পরিকল্পনায় রাজনীতিকরা রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, “ঘটনার নেপথ্য মদদদাতা, পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের ছাড় দেওয়া হবে না।
“দেশে অথবা দেশের বাইরে লন্ডনে কিংবা যেখানেই থাকুক, তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।”
বিএনপি এসব হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছে, সরকারের উচ্চ পর্যায় থেকে এই ধরনের বক্তব্যে খুনিরা পার পেয়ে যাবে।
প্রকাশক ও ব্লগার হত্যাসহ আলোচিত হত্যাকাণ্ডগুলোতে জামায়াত-শিবির জড়িত বলে মঙ্গলবার ইঙ্গিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
“তারাই এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে, যারা দেশের স্বাধীনতা চায়নি। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাকে হত্যা করেছে।”
‘তারাই’ বিভিন্ন সময়ে নাম পরিবর্তন করে এসব অপকর্ম করছে- মন্তব্য করে আসাদুজ্জামান কামাল বলেন, “অতীত বিশ্লেষণ করলে দেখা যাবে, তারা সবাই জামায়াত-শিবিরের রাজনীতিতে বিশ্বাসী। আগে তারা রগ কাটত, এখন গলা কাটছে।”
খুনিদের ফিরিয়ে আনতে ‘সর্বোচ্চ ব্যবস্থা’
স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার নেতার স্মৃতিসৌধে পুষ্পস্তবক ও মিলাদ মাহফিলের পর সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকার রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে।
“পলাতকদের ফিরিয়ে আনার জন্য আমরা রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। অনেক দেশের সঙ্গে আমাদের সেই চুক্তিটি নেই। সেজন্য আমাদের অনেক জায়গায় অসুবিধা হচ্ছে। আমরা চেষ্টা অব্যাহত রাখছি।”
জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কারাগারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পাশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার পর গ্রেপ্তার করা হয় মুক্তিযুদ্ধের শীর্ষ চার সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে।
ওই বছরের ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় জাতীয় এই চার নেতাকে। এরপর থেকে জাতীয় কলঙ্কময় এই দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
যারা জেল হত্যাকাণ্ডে জড়িতদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে বা যারা খুনিদের পুনর্বাসন করছে তাদেরও সাজা হবে- সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের বিষয়েও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা।
আসাদুজ্জামান কামাল বলেন, “যখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন- মনে করবেন সেটাই ফাইনাল।”
খুনিদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, সব সহযোগিতা নেওয়া হবে।
এ সময় এম মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সৈয়দ নজরুল ইসলামের ছেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ জাতীয় চার নেতার স্বজনরা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও এ সময় উপস্থিত ছিলেন।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে স্থাপিত চার নেতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগ নেতারাও ফুলেল শ্রদ্ধা জানান চার জাতীয় নেতার প্রতি।
