নারায়ণগঞ্জে স্কুলছাত্রী হত্যায় দুইজনের ফাঁসির রায়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালের বিচারক রাশিদুল হক রাজা আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রাকিব উদ্দিন রকিব জানান।
পাঁচ আসামির মধ্যে মোহর চান ও আমির হোসেন খোকনের ফাঁসির রায় হয়েছে। আর সফর আলী, নুরে আলম ও মনিরকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।
মামরার বিবরণে বলা হয়, ১৯৯৯ সালের ১৩ ডিসেম্বর আমির হোসেন খোকন ও তার চারবন্ধু রেবতীমোহন পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী তানিয়াকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ এবং পরে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর লাশ শীতলক্ষ্যা নদীর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা।
ওই ঘটনায় নিহতের মামা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পাঁচ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আদালত ১৯ জনের সাক্ষ্য শুনে মামলার রায় ঘোষণা করে।
