হবিগঞ্জে ব্যবসায়ী তাজুল নিহত, মহাসড়ক অবরোধ
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী কাজী তাজুল ইসলাম ফারুকের মৃত্যু হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয়রা।
মঙ্গলবার সকাল ৬টার দিকে হবিগঞ্জের নছরতপুর এলাকায় ওই সড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে কাজী তাজুল মারা যান।
তিনি ওয়েস্টমন্ট পাওয়ার প্ল্যান্টের সাবেক চেয়ারম্যান। বিগত সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে আলোচনায় এসেছিলেন। ২০১০ সালের ৩০ মে ওই মামলা বাতিল করে হাইকোর্ট।
তিনি নছরতপুর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সবজি বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৩২০) প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে ভৈরবে সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা গাছ ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে মৃত্যুর খবরে তারা প্রায় ২০টি যানবাহন ভাঙচুর করে।
এ সময় সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে।
পরে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকদের শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
