প্রকাশক হত্যার প্রতিবাদে জাগরণের শান্তিপূর্ণ হরতাল
প্রকাশক-লেখক হত্যা ও হামলার প্রতিবাদে সারা দেশে গণজাগরণ মঞ্চের আধাবেলা হরতাল শেষ হয়েছে শান্তিপূর্ণভাবে।
মঙ্গলবার হরতালের সকালে শাহবাগের প্রজন্ম চত্বর ও টিএসসিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন মঞ্চের কর্মীরা। শাহবাগ, কাঁটাবন, টিএসসিসহ বিশ্ববিদ্যালয় এলাকায় দফায় দফায় মিছিল করেন তারা।
তাদের অবস্থানের কারণে দুপুর পর্যন্ত শাহবাগ মোড়ে যানবাহন চলাচল বন্ধ থাকে।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “এই হরতাল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য। আজ সারাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ হরতাল পালন করছে, যা প্রমাণ করছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
প্রতিবাদ সমাবেশ হয় বায়তুল মোকাররমের উত্তর গেইটেও। সেখানে সিপিবি-বাসদের সমাবেশের কারণে পুরানা পল্টনের রাস্তায় যান চলাচল বন্ধ থাকে।
এদিকে হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ দেখায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার গণজাগরণ মঞ্চের হরতালের সকালে ঢাকার শাহবাগ
হরতালের সকালে শাহবাগে গণজাগরণ মঞ্চের মিছিল
গত শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে গত রোববার ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই হরতালের ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র মুখপাত্র ইমরান এইচ সরকার।
হরতালের সমর্থনে সোমবার সন্ধ্যায় শাহবাগে মশাল মিছিলের আগে ইমরান সাংবাদিকদের বলেন, “উগ্রবাদীদের চিন্তার সঙ্গে যারাই দ্বিমত পোষণ করছেন তাদেরকেই হত্যার হুমকি দেওয়া হচ্ছে। একে একে হত্যা করা হচ্ছে। এরই প্রতিবাদে আমরা দুইদিন ধরে কর্মসূচি পালন করে আসছি।
মঙ্গলবার গণজাগরণ মঞ্চের হরতালের সকালে মিরপুর এলাকার চিত্র
মঙ্গলবার গণজাগরণ মঞ্চের হরতালের সকালে মিরপুর এলাকার চিত্র
২০১৩ সালে শাহবাগে গণজাগরণ আন্দোলন গড়ে ওঠার সূত্রপাত ঘটেছিল ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের একটি মানববন্ধন থেকে।
এরপর যুদ্ধাপরাধের বিচার দাবি জানিয়ে আসা অনেক দল, সংগঠন এই আন্দোলনে যুক্ত হলেও গণজাগরণ আন্দোলনের বিরোধীরাও শাহবাগ আন্দোলনকে ‘ব্লগারদের আন্দোলন’ হিসেবে দেখে আসছেন।
শাহবাগ আন্দোলন শুরুর কয়েকদিনের মধ্যে গণজাগরণ মঞ্চের সংগঠক ব্লগার আহমেদ রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়।
এরপর একই কায়দায় হত্যা করা হয় আরও কয়েকজন ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টকে, যারা সবাই গণজাগরণ আন্দোলনের সমর্থক ছিলেন।
