২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনি গ্রেপ্তার না হলে মঙ্গলবার গণজাগরণের হরতাল

জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজন হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের জন্য সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 05:39 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

ওই সময়ের মধ্যে খুনি ও হামলাকারীরা গ্রেপ্তার না হলে মঙ্গলবার সারা দেশে আধাবেলা হরতাল করার ঘোষণা দিয়েছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।  

রোববার ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এই ঘোষণা দেন।

গণজাগরণ মঞ্চ ব্যানারে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক রণদীপম বসু ও কবি তারেক রহিমকে হত্যাচেষ্টার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই সমাবেশ হয়।

সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন মঞ্চের কর্মীরা। মিছিলটি শাহবাগ থেকে  সোনারগাঁও মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে আসে। পরে শাহবাগে ফিরে শেষ হয়।

সমাবেশে ইমরান বলেন, “সরকারকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। কিন্তু সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজ কেন এই হত্যাকাণ্ড?”

শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশিদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।

এরপর বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

এ দুটি প্রকাশনা সংস্থা থেকেই বিজ্ঞানমনষ্ক লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন।

শনিবারের হামলার ঘটনার আগে চলতি বছর মোট চারজন ব্লগার-লেখক একইভাবে খুন হলেও পুলিশ কোনো মামলারই কিনারা করতে পারেনি।

ইমরান বলেন, “আমাদের দাবি অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে সরকার খুনি ও হামলাকারীদের গ্রেপ্তার করলে হরতাল প্রত্যাহার করে নেওয়া হবে।”

অন্যথায় হরতাল সফল করতে সোমবার সন্ধ্যায় শাহবাগ থেকে মশাল মিছিল বের করার ঘোষণা দেন তিনি। এছাড়া সোমবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শোক পালনের কর্মসূচিও ঘোষণা করেছেন ইমরান।

মঙ্গলবারের হরতাল সফল করতে দেশবাসীর সমর্থন প্রত্যাশা করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “আপনি যদি মনে করেন, আপনার উপর হামলা হয়নি বলে ঘরে বসে থাকবেন, প্রতিবাদের দরকার কী? তাহলে অদূর ভবিষ্যতে আপনার সন্তানকেও যে সিরীয়দের মতো সাগরে ভাসতে হবে না, তার গ্যারান্টি কী?

“তাই আপনার ভবিষ্যতের স্বার্থে, দেশের স্বার্থে আসুন হরতাল সফল করে সরকারকে জানান দিয়ে দেই যে, আমরা জঙ্গিবাদের কাছে আত্মসমর্পণ নয় বরং রাজপথে নেমে মোকাবেলা করে বিজয় অর্জন করব।”

‘সরকার বর্তমানে মহাজোটের মধ্যে মহাজট পাকিয়ে ফেলেছে’ মন্তব্য করে ইমরান এইচ সরকার বলেন, “আপনাদের জঙ্গিবাদ দমনের জন্য ক্ষমতায় পাঠানো হয়েছিল, জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়।

“আপনারা জঙ্গিবাদকে প্রশ্রয় দিতে দিতে এখন তারা ঘরে ঢুকে, অফিসে ঢুকে মানুষ হত্যা করছে। একের পর এক হত্যাকাণ্ড চললেও আপনারা রাস্তায় নেই কেন?”

একের পর এক মুক্তমনা লেখক-ব্লগার-প্রকাশ খুন হলেও বিচার না হওয়ায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, “একের পর এক হত্যাকাণ্ড চলছে, আমরা প্রতিবাদ করছি, ঘরে ফিরে যাচ্ছি আবার হত্যাকাণ্ড হচ্ছে। আমরা বিচার চাচ্ছি আর আইন-শৃঙ্খলা বাহিনীর সেই একই রেকর্ড করা গান শুনছি।

“সেই অপশক্তির টার্গেট শুধু ব্লগাররাই নয়, তারা ইসলামী চিন্তাবিদকে হত্যা করেছে, তাজিয়া মিছিলে হামলা হয়েছে, প্রকাশককে খুন করা হয়েছে।

“এখন সাংবাদিক, বিচারকদেরও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তাদের যুদ্ধ শুধু নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে নয়, যারাই তাদের মতবাদের বিরোধিতা করবে তাদেরকেই হত্যা করা হবে।”

অর্থনীতির অধ্যাপক আবুল বারকাত বলেন, “অর্থনীতির মধ্যে মৌলবাদের অর্থনীতি বলে একটা অংশ আছে। এ দেশের মূল অর্থনীতির মধ্যে মৌলবাদের অর্থনীতি ঢুকে পড়েছে। অর্থাৎ এ রাষ্ট্রেরও একটা অংশ মৌলবাদীতে পরিণত হয়েছে।

“আর মৌলবাদের অর্থনীতির সাথে যে সরাসরি জড়িত তার কাছে বিচার চাওয়া ভেলকিবাজি ছাড়া আর কিছুই না।”

তিনি বলেন, “সেই মৌলবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাকে যাকে হত্যা করা লাগে সবাইকেই হত্যা করবে। গত কয়েক বছরে এতোগুলো জঙ্গি ধরা পড়েছে, কিন্তু একজন জঙ্গিরও বিচার হয়নি। তাই এ থেকে রেহাই পেতে রাজপথে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া কোনো পথ নেই।”

সমাবেশ অন্যদের মধ্যে মানবাধিকার কর্মী খুশি কবির, ভাস্কর রাশা, বাসদ নেতা  খালেকুজ্জামান, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, উদীচীর সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন প্রমুখ বক্তব্য দেন।