প্রকাশক দীপন হত্যার বিচার দাবিতে ঢাবিতে মানববন্ধন
দীর্ঘ মানবন্ধনের মাধ্যমে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার বিচারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার অপরাজেয় বাংলায় ‘শিক্ষক-শিক্ষার্থী, লেখক-নাগরিকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি থেকে প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক তারেক রহিম ও রণদীপম বসু হত্যাচেষ্টার প্রতিবাদও জানানো হয়।
এই মানববন্ধনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল ও অধ্যাপক মুনতাসির মামুন, বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান ও আকতার কামাল, সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা ও ফাহমিদুল হক, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার প্রমুখ।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান ও নাদির জুনায়েদ, অধ্যাপক মিজানুর রহমানও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র দীপন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের একমাত্র ছেলে।
ছেলের হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ এই অধ্যাপক বলেছিলেন, তিনি বিচার চান না।
বাংলা বিভাগের অধ্যাপক আকতার কামাল বলেন, “মনে কতটুকু আক্ষেপ থাকলে ছেলে দীপন হত্যার বিচার চাননি স্যার। স্যার, না চাইলেও আমরা বিচার চাই, বিচার করতে হবে।”
অধ্যাপক কাসেমকে নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সমালোচনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ছেলে হত্যার বিচার না চাওয়ায় বাবাকে সমালোচিত হয়, এটা কখনও দেখিনি। সরকারি দলের এরকম বক্তব্য বলে দেয়, বর্তমানে সমাজের অবস্থান কোথায়?”
অধ্যাপক মুনতাসির মামুন অতীতে উগ্রবাদীদের হামলার ঘটনাগুলো তুলে ধরে বলেন, “মুক্তচিন্তার মানুষকে হত্যার বিষয়টি আজ নতুন নয়। অতীতেও হয়েছে, কোনো বিচার হয়নি।”
অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যার ১১ বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি। ২০১৩ সালে দুজন ব্লগারকে হত্যা করা হয়েছে। ২০১৫ সালে আরও চারজনকে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় যারা ধরা পড়ছে, তাদের কোনো শাস্তি হয় না।
হতাশ না হয়ে তরুণ সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ইমরান এইচ সরকার বলেন, “একে একে মানুষ হত্যা করা হচ্ছে। এরা শুধু ব্লগার, লেখক, প্রকাশককেই নয় যারাই উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে তাদেরকেও হত্যা করা হচ্ছে। এদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমদের ঐক্যবদ্ধ হতে হবে।”
সরকারেরই অনেক কর্মকর্তার বক্তব্য হত্যাকারীদের প্রশ্রয় দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, মঙ্গলবার সকাল ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন হবে। দুপুর ১২টায় একই স্থানে বিক্ষোভ সমাবেশ হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
ব্লগার ও প্রকাশক হত্যাকারীদের গ্রেপ্তারে ‘ব্যর্থ’ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার।
দীপন হত্যার বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা মঙ্গলবারের হরতাল সফল করার জন্য সবার প্রতি আহ্বানও জানান তিনি।
লাকী বলেন, “আমরা অবিলম্বে ফয়সাল আরেফিন দীপনসহ সাম্প্রদায়িক হামলায় নিহত সকলের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ, সহ-সভাপতি লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দপ্তর সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স প্রমুখ।
