জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা: শেষ দিনের চার বিভাগের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, প্রতœতত্ত্ব, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপ-নিবন্ধক (শিক্ষা) মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।”
এ বছর জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে মোট ৪৫টি আসনের বিপরীতে ১৩ হাজার ২০৩ জন, প্রতœতত্ত্ব বিভাগে ৪৫টি আসনের বিপরীতে চার হাজার ১৫২ জন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে ৩০টি আসনের বিপরীতে দুই হাজার ১০৬ জন এবং চারুকলা বিভাগে ৩০টি আসনের বিপরীতে এক হাজার ৩৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
এদের মধ্য থেকে প্রতি বিভাগের মোট আসন সংখ্যার ১০ গুণ উর্ত্তীণ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।
এর আগে ভর্তি পরীক্ষার শেষ দিন সোমবার সকাল থেকে মোট পাঁচটি পালায় এই চার বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।
গত ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ আলী জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.juniv.edu/admissionresults/) থেকে অথবা মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে 9933 এই নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবে।
