২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাভেল্লা হত্যাকাণ্ডে আরেকজনের ‘দোষ স্বীকার’

তানজিম আহমেদ রুবেল ও মিনহাজুল আরেফীন রাসেলের পর ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শাখাওয়াত হোসেন শরীফ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 12:39 AM

Updated : 25 Apr 2022, 02:05 PM

শরীফের মোটর সাইকেল নিয়ে অন্য তিনজন গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থার কর্মী তাভেল্লাকে হত্যা করেন বলে পুলিশের দাবি। 

সোমবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের কাছে জবানবন্দি দেন শরীফ। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

রিমান্ডের ষষ্ঠ দিনে এসে স্বীকারোক্তি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন আদালতে শরীফকে হাজির করেন বলে আদালত পুলিশের এসআই ফরিদ মিয়া জানিয়েছেন।

গত রোববার মিনহাজ রাসেল এবং ২৬ অক্টোবর তামজিদ রুবেল একই বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

গত ২৫ সেপ্টেম্বর তাদের সঙ্গে গ্রেপ্তার অন্যজন রাসেল চৌধুরী এখনও রিমান্ডে রয়েছেন।

পুলিশ বলছে, সরকারকে চাপে ফেলার জন্য ‘বাংলাদেশে বিদেশিরা নিরাপদ নয়’ বোঝাতে ‘কোনো একজন শ্বেতাঙ্গকে’ হত্যা পরিকল্পনার অংশ হিসেবেই গুলশানের কূটনৈতিক এলাকায় ইতালির নাগরিক তাভেল্লাকে খুন করা হয়।

কথিত এক বড় ভাইয়ের নির্দেশে ‘নির্দিষ্ট টাকার চুক্তিতে’ দুই রাসেল ও রুবেল এই হত্যাকাণ্ডে অংশ নেয় এবং এই কাজে তারা শরীফের মোটরসাইকেল ব্যবহার করে বলেও পুলিশের দাবি।