মঙ্গলবার নেদারল্যান্ডস যাচ্ছেন প্রধানমন্ত্রী
ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার নেদারল্যান্ডস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে নেদারল্যান্ডসের উদ্দেশে ঢাকা ছাড়বেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে রাতে আমস্টার্ডামের শিফল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছাবেন।
আমস্টার্ডামের পথে প্রধানমন্ত্রী আবুধাবিতে পাঁচ ঘণ্টা যাত্রা বিরতি করবেন।
বুধবার ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সরকারি বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা্।
বৈঠকের পর একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। মার্ক রুটের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন শেখ হাসিনা।
বুধবার সকালে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিয়ষকমন্ত্রী লিলিয়ান প্লুমেন এবং পরিবশবিষয়কমন্ত্রী মেলেনি শুলজ ফন হেগেন।
সেদিন দুপুরেই নেদারল্যান্ডসের ব-দ্বীপাঞ্চল এবং পোতাশ্রয় ফিউচার ল্যান্ড পরিদর্শন করবেন।
ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা।
সফরের শেষদিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রী একটি ব্যবসায়িক সেমিনারে যোগ দেবেন।
সেমিনার শেষে একটি ফল ও সবজি উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। প্রতিষ্ঠানটি টমেটো উৎপাদনের জন্য বিখ্যাত।
বিকালে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন শেখ হাসিনা। এরপর তিনি রাতে দেশের উদ্দেশে রওয়ানা হবেন। শুক্রবার ঢাকায় পৌঁছবেন তিনি।
