ঢাকায় লেগুনার ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু
ঢাকার শ্যামলী এলাকায় লেগুনার ধাক্কায় রিকশা আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ আবদুল (২৫) বরিশালের মুলাদী উপজেলার সিকিম আলী ব্যাপারির ছেলে। ঢাকার আদাবর এলাকায় তিনি পান বিক্রি করতেন।
সোমবার দুপুরে শ্যামলীর রিং রোডের কাছে দুর্ঘটনায় আহত হওয়ার পর বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন হাসপাতাল ফাঁড়ি পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস।
আবদুলকে হাসপাতালে নিয়ে আসা কয়েকজনের বরাত দিয়ে এই পুলিশ সদস্য বলেন, দুপুরে রিকশায় করে শ্যামলী থেকে আদাবরের ভাড়া বাসায় যাচ্ছিলেন পান দোকানদার আবদুল।
“রিং রোডের কাছে পেছন থেকে একটি লেগুনা রিকশাকে ধাক্কা দিলে রাস্তার ওপর ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে পঙ্গু হাসপাতাল এবং পরে বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।”
এদিকে সকাল ৯টার দিকে রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক বৃদ্ধের অর্ধ-গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৭০ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মবিল আহমেদ।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মবিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেকের পানি থেকে ছাই রঙের প্যান্ট ও শার্ট পড়া অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ৭০ বছর বয়সী ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন ও বৃদ্ধের পরিচয় পাওয়া গেলে তার মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা প্রকাশ করেন শিল্পাঞ্চল পুলিশের এসআই মবিল।
