তাঁতীবাজারের ছিনতাইয়ের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ঢাকার উত্তরখানে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যিনি তাঁতীবাজারে গয়নার দোকানের কর্মীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ‘হোতা’ বলে পুলিশের দাবি।
নিহত মো. রাজীবের (২৮) বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায়।
উত্তরখান থানার ওসি মো. ইউনুস আলী বলছেন, রোববার রাতে রাজীবকে আটকের পর সোমবার ভোরে তাকে নিয়ে অভিযানে গেলে তুরাগ নদীর কাছে শহীদনগর এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধারের কথাও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে।
পুলিশের কোতোয়ালি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মুহাম্মদ আহাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাঁতীবাজার ও ইসলামপুরে এলাকায় কয়েকটি ছিনতাইয়ের মূল আসামি রাজীব। দুর্গাপূজার সময় এক সোনার দোকানের কর্মচারীকে গুলি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। রাজীব ওই ঘটনার হোতা।”
পুলিশের ভাষ্য, রোববার রাত ১০টার দিকে রাজীবকে দক্ষিণখান এলাকার এক গলি থেকে আটক করা হয়। এরপর তার অন্য সহযোগীদের ধরতে তাকে নিয়ে রাতেই অভিযানে বের হয় কোতোয়ালি থানা পুলিশ।
“শহীদনগর এলাকায় পুলিশের দিকে গুলি চালায় রাজীবের লোকজন। পুলিশও পাল্টা জবাব দেয়। গোলাগুলির এক ফাঁকে রাজীব দৌঁড়ে পালানোর চেষ্টা করে,” বলেন আহাদুজ্জামান।
পরে গোলাগুলি থামলে পুলিশ তল্লাশি শুরু করে এবং রাজীবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ময়নাতদন্তের জন্য রাজীবের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
