২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নির্বাচন: ‘সুবিধাজনক সময়ে’ ভোটের প্রস্তাব ইসির

স্থানীয় নির্বাচন দলভিত্তিক করতে বিদ্যমান আইন সংশোধনের আগে ‌‌‘ভোটের সময়ে’রে বিধিতে পরিবর্তন আনতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে নির্বাচন কমিশন।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 03:17 AM

Updated : 22 Aug 2022, 01:45 PM

রোববার এ সংক্রান্ত মতামত স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব জেসমিন টুলী।

ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকারের সব স্তরে মেয়াদ শেষের আগের ৯০ দিনে ভোটের বিধান ও নির্ধারিত সময়ে ভোট করা না গেলে ‌যুক্তিসংগত স্বল্প সময়ে নির্বাচন আয়োজনের সুযোগ রাখার বিধান রাখতে প্রস্তাব করা হয়েছে।

জেসমিন টুলী বলেন, ‍“স্থানীয় সরকারের সব আইনে সামঞ্জস্য আনতে পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব আইনের কয়েকটি ধারায় সংশোধনের মতামত দেওয়া হয়েছে।”

স্থানীয় সরকার বিভাগে এ সংক্রান্ত প্রস্তাবের তুলনামূলক চিত্রও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সম্প্রতি সরকারের সব স্থানীয় নির্বাচন দলীয়ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। স্থানীয় সরকারের ভোটের সময়ে বিভিন্ন আইনের মধ্যে সামঞ্জস্যতা আনা প্রয়োজন।

নির্ধারিত সময়ে ভোট করা সম্ভব না হলে ‘যুক্তিসংগত স্বল্প সময়ে’ নির্বাচন আয়োজনের বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

“সাধারণ ও শূন্য পদে নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় নির্ধারিত সময়ে ভোট করা সম্ভব হয় না। এ জন্য নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব না হলে ইসি যুক্তিসঙ্গত স্বল্প সময়ে মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ করবে,” প্রস্তাবিত সংশোধনী ইসির।

স্থানীয় সরকার আইনের নির্বাচন অনুষ্ঠানের ধারাগুলো উল্লেখ করে চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রস্তাবিত সংশোধনীর তুলনামূলক বিবরণীর আলোকে আইন সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হল।

এক্ষেত্রে পৌরসভা আইনের ২০, ২৭, ৩৩ ধারা উপজেলা পরিষদের ১৬ ও ১৭ ধারা, সিটি করপোরেশন আইনের ১৬ ও ৩৪ ধারা, ইউনিয়ন পরিষদের ২৯ ও ৩৬ ধারায় সংশোধন প্রস্তাব করা হয়েছে।

সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ রোববার বলেছেন, “আমরা কিছু কাজ এগিয়ে রেখেছি। কিন্তু দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করতে হবে কয়েকদিনের মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে। তা না হলে আগের মতোই নির্বাচন করতে হবে।”

রোববারের মধ্যে স্থানীয় সরকারের পৌরসভা অধ্যাদেশ জারির কথা জানিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রী। তবে এ সংক্রান্ত ইসির প্রস্তাব ‘বিলম্বে’ যাওয়ায় আইন সংশোধনের প্রক্রিয়াও দেরিতে হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

১২ অক্টোবর মন্ত্রিসভা অনুমোদন করে স্থানীয় সরকার আইন সংশোধন। আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকও রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান,ইসির মতামত বিল আকারে সংসদে উত্থাপনের সময়ও স্থানীয় সরকারের সব আইনে যুক্ত করার সুযোগ রয়েছে। পৌরসভা আইনের অধ্যাদেশ হলেও সংসদ অধিবেশনে তা উত্থাপন করতে হবে।

পুরনো খবর:

স্থানীয় নির্বাচন: ‘ভোটের সময়ে’ সংশোধন চায় ইসি
স্থানীয় নির্বাচন: রোববারের মধ্যে অধ্যাদেশ