২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটারে না চললে লাইসেন্স বাতিল: মন্ত্রী

সরকার নির্ধারিত মিটারে না চললে সিএনজিচালিত অটোরিকশার লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 01:20 AM

Updated : 22 Aug 2022, 01:45 PM

রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।  

ওবায়দুল কাদের বলেন, “রাস্তায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত থাকবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া মাত্র লাইসেন্স বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

“পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ অভিযান। এ অভিযান শুধু একদিনের জন্য নয়, প্রতিদিন চলবে।”

অটোরিকশা মিটারে চলছে কি না তা দেখতে চালক, মালিক, বিআরটিএ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

‘প্রাইভেট’ লিখে মিটার ছাড়া চলাচল এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে গত কয়েকদিনে দেড়শ অটোরিকশাকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

“সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে বিআরটিএ’র ৪টি নম্বর ৯১১৩১৩৩, ৫৮১৫৪৭০১, ৯১১৫৫৪৪, ৯০০৭৫৭৪ এ অফিস চলাকালীন সময়ে ফোন করে যে কেউ অভিযোগ দিতে পারবেন।”

এদিন মানিক মিয়া এভিনিউয়ে ভ্রাম্যমাণ আদালতে দুপুর পর্যন্ত ১০টি মামলা, ৮ হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিনটি ‍অটোরিকশা ডাম্পিংয়ে পাঠায়।

পুরনো খবর:

মিটারে চলতে মালিকদের ‘সুমতি’ চান চালকরা
দুর্ভোগ, নৈরাজ্য, বিড়ম্বনা
অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান চলবে: মন্ত্রী