২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে প্রতিবাদ-বিক্ষোভে প্রকাশক হত্যার বিচার দাবি

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাব্শে করে প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও তিনজনকে কুপিয়ে গুরুতর আহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রংপুরের বিভিন্ন সংগঠন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 06:39 PM

Updated : 22 Aug 2022, 01:43 PM

রোববার বিকালে রংপুর প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।

জেলার সব প্রগতিশীল সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

একের পর এক লেখক-ব্লগার ও প্রকাশক হত্যাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান সমাবেশের বক্তারা।  

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রংপুর জেলা সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মান্টু বলেন, “গত আড়াই বছরে লেখক-ব্লগার ও গণজাগরণ মঞ্চের সংগঠকসহ ছয়জনকে কুপিয়ে হত্যা করা হলেও প্রকৃত খুনিরা আজও গ্রেপ্তার হল না।

“বরং এসব হত্যাকাণ্ড নিয়ে সরকারের লুকোচুরি খেলা দেখছি।আমরা আর লুকোচুরি খেলা দেখতে চাই না। অবিলম্বে লেখক-ব্লগার ও প্রকাশক হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার দেখতে চাই।”  

একটি  বিশেষ গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতেই এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে দাবি করে তিনি এই গোষ্ঠীর মুখোশ উন্মোচনের দাবি জানান।  

সমাবেশে মুক্তিযোদ্ধা কমান্ডারস ফোরাম রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোজাফফর হোসেন চান, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সম্পাদক শাশ্বত ভট্টাচর্য, বাসদ সমন্বয়ক আব্দুল কুদ্দুস, তেল গ্যাস খনিজ সম্পদ ও বন্দও রক্ষা কমিটির  জেলা সভাপতি সৈয়দ মামুনুর রহমান, প্রজন্ম ৭১ এর জেলা সভাপতি দেবদাস ঘোষ দেবু, নারী নেত্রী মোশফেকা রাজ্জাকও বক্তব্য দেন।

সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করেন তারা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা শাখার নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এসে সমাবেশ সংহতি প্রকাশ করেন।

একই দাবিতে বিকালে রংপুর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় গণজাগরণ মঞ্চের কর্মীরা।

শনিবার রাজধানী ঢাকার আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে কুপিয়ে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে।

এর আগে দুপুরে রাজধানীর লালমাটিয়ায় ‘শুদ্ধস্বর’ নামের আরেকটি প্রকাশনা সংস্থার কার্যালয়ে হামলা চালিয়ে তার কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

দুটি প্রকাশনাই জঙ্গিদের হামলায় নিহত যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছিল।