২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ও ভুটানের অর্থমন্ত্রীর আলোচনায় জলবিদ্যুৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সবচেয়ে সস্তায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির কথা বলেছেন ভুটানের অর্থমন্ত্রী লিয়নপো নরবু ওয়াংচুক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 04:14 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

ঢাকা সফররত ভুটানি মন্ত্রী রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।

তিনি বলেন, ভুটানের ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে এবং এই মুহূর্তে তারা পাঁচ হাজার মেগাওয়াট উৎপাদন করছে বলে লিয়নপো নরবু ওয়াংচুক প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

“ভুটানে উৎপাদিত জলবিদ্যুতই বিশ্বে সবচেয়ে সস্তা জানিয়ে মন্ত্রী বাংলাদেশে সবচেয়ে কম দামে বিদ্যুৎ রপ্তানির কথা বলেছেন।”

বাংলাদেশ ইতোমধ্যে ভারত থেকে পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ নিচ্ছে। আরও বিদ্যুৎ আমদানি করা যায় কিনা- সে আলোচনাও রয়েছে।

বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ভুটান থেকে জলবিদ্যুত কেনার প্রয়োজনীয়তার কথাও মন্ত্রীকে জানান।

“ভুটানের জলবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, সেখানে উৎপাদিত জলবিদ্যুৎ বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারে,” বলেন প্রেস সচিব।

বাংলাদেশ ভবিষ্যতে ভুটানের জলবিদ্যুৎ প্রকল্পের অংশীদার হতে পারবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।

বাংলাদেশ, ভারত, ভুটান ও নোপলের মধ্যে যানবাহন চলাচলের বিষয়ে চুক্তি হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে চার দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে।

মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে ভুটানের প্রথম স্বীকৃতি দেওয়ার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, ভুটানের জন্য বাংলাদেশের নাগরিকদের ‘হৃদয়ে বিশেষ স্থান রয়েছে’।

পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জলবিদ্যুৎ এবং যোগাযোগসহ বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের চ্যাম্পিয়নস অফ দি আর্থ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন ভুটানের অর্থমন্ত্রী। বাংলাদেশে বৌদ্ধ স্থাপনাগুলোর ‘সুষ্ঠু সংক্ষরণ’ করায় তিনি সরকারকে ধন্যবাদ জানান।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের রাজা, রানী ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তাদের শুভেচ্ছা শেখ হাসিনাকে পৌঁছে দেন লিয়নপো নরবু ওয়াংচুক।

অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম সাক্ষাতকালে উপস্থিত ছিলেন।