২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই ও শিক্ষা উপকরণের দোকান বন্ধ থাকবে আধাবেলা

জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারীকে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ আরও তিনজনের ওপর হামলার প্রতিবাদে সোমবার সারাদেশে আধাবেলা সব বই ও শিক্ষা উপকরণের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2015, 02:21 PM

Updated : 12 Oct 2022, 04:20 PM

আর জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনাস্থল ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেটের সব দোকান বন্ধ থাকবে তিন দিন। 

রোববার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব বই ও শিক্ষা উপকরণের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সোমবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত বন্ধ থাকবে।

সমিতির সভাপতি আলমগীর সিকদার লোটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আধাবেলা দোকান বন্ধ রাখার পাশাপাশি তিন দিন শোক পালন করবেন ব্যবসায়ীরা।

“ঢাকাসহ সব জেলায় সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি দেওয়া হবে। সোমবার কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে হবে মানববন্ধন। এছাড়া সব জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিলের মত কর্মসূচি পালন করা হবে।”

শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবিন আহসান বলেন, “জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতিসহ সবাই একযোগে এই কর্মসূচি পালন করবে।”

শনিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়ায় অভিজিৎ রায়ের বইয়ের এক প্রকাশক শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এরপর বিকাল সাড়ে ৫টার দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনের রক্তাক্ত লাশ পাওয়া যায়।

এ দুটি প্রকাশনা সংস্থা থেকেই বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশিত হয়েছিল, যিনি নিজেও গত ফেব্রুয়ারিতে একই কায়দায় হামলায় নিহত হন। 

দীপন হত্যার প্রতিবাদে আজিজ কো অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি রোববার শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে তিনদিন মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেয়।

সমিতির সভাপতি নাজমুল হাসান নাজু সমাবেশে বলেন, “এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী মঙ্গলবার পর্যন্ত আজিজ মার্কেটের সব দোকান বন্ধ থাকবে।”