৪৪ বছর পর দুই মুক্তিযোদ্ধার কবর স্বজনের কান্নায় সিক্ত
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে নিহত দুই শহীদ মুক্তিযোদ্ধার কবর খুঁজে পেয়েছে তার স্বজনরা।
শনিবার বিকেলে দিনাজপুর জেলার কাহারোল উপজেলার দশমাইলে শহীদ মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমান ও হাবিলদার মিয়া হোসেনের কবরস্থানে গিয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর বাটমারা গ্রামের সফিউর রহমানের ছেলে শহীদ ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমান এবং শহীদ হাবিলদার মিয়া হোসেনের বাড়ি নেত্রকোণার পূর্বধোলা উপজেলার খলিশাউর ইউনিয়নের গৌরকান্দা গ্রামে।
তাদের নিহত হওয়ার প্রত্যক্ষদর্শী স্থানীয় মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাধীনতা যুদ্ধকালীন ১২ এপ্রিল দিনাজপুরের দশমাইল এলাকায় মুক্তিযোদ্ধাসহ তৎকালীন ইপিআর-এর একটি দল অবস্থান নিলে হানাদার বাহিনী সৈয়দপুর ও ঠাকুরগাঁও দুই দিক থেকে তাদের উপর আক্রমণ চালায়।
“হানাদারদের ভারি অস্ত্রের প্রচণ্ড গোলাবর্ষণে সবাই পিছু হটতে বাধ্য হলেও শহীদ মোস্তাফিজুর ও মিয়া হোসেন সিক্স পাউন্ডার গান (মর্টার) দিয়ে পাল্টা আক্রমণ চালাতে থাকেন। এ সময় হানাদারদের কামানের গোলার আঘাতে শহীদ হন তারা।
এই দুই শহীদের ঠিকানা খুঁজে বের করেন চট্টগ্রাম বিনিয়োগ বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) মাহবুব কবির মিলন।
মাহবুব কবির মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই শহীদের পারিবারের ঠিকানা দিনাজপুর প্রশাসন, মুক্তিযোদ্ধা ও দিনাজপুরের বিজিবি দপ্তরে ছিল না। তাদের একজনের কবরে বাড়ি গোপালগঞ্জ আর অন্যজনের বাড়ি ঝালকাঠি লেখা থাকলেও তা সঠিক নয়।
মিলন জানান, খুঁজতে খুঁজতে বিজিবির সদর দপ্তর পিলখানার রেকর্ড অফিস থেকে তাদের পরিবারের ঠিকানা বের করেন।
শহীদ ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমানের এখন এক ভাই ও এক বোন বেঁচে আছেন। আর শহীদ হাবিলদার মিয়া হোসেনের স্ত্রী ও এক ছেলে বেঁচে রয়েছেন।
কবরস্থানে গিয়ে হাবিলদার মিয়া হোসেনের স্ত্রী শামসুন নাহার, ছেলে শাহজাহান মিয়া এবং ল্যান্স নায়েক মোস্তাফিজুর রহমানের ছোট ভাই নাসির আহমেদ ও বোন সকিনা বেগম সরকারের কাছে দুই শহীদকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়ার দাবি জানান।
১৯৯৬ সালে বিডিআর ও স্থানীয় প্রশাসন তাদের কবর পাকা করে।
