আগের পদে ফিরছেন এনবিআরের দুই পদের কর্মীরা
জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তার পদ দুটি পরিবর্তন করে আগের মতো ইনস্পেক্টর ও সুপারিনটেন্ডেন্ট করা হচ্ছে।
আগামী সপ্তাহে এ বিষয়ে সরকারি আাদেশ জারি করা হবে বলে জানিয়েছে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় নবীন সহকারি রাজস্ব কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান এ ঘোষণা দেন।
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কাস্টমস এক্সসাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন।
২০১০ সালে নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতার কারণে সরকার ইনস্পেক্টর পদটি সহকারী রাজস্ব কর্মকর্তা এবং সুপারিনটেন্ডেন্ট পদটিকে রাজস্ব কর্মকর্তায় পরিবর্তন করে।
যদিও এসব পদের কর্মকর্তারা আগের পদের দাবি জানিয়ে আসছিলেন সবসময়।
বর্তমানে রাজস্ব কর্মকর্তার পদে ৩১৯ জন কর্মী রয়েছেন।
সম্প্রতি ২৮৩ জন রাজস্ব কর্মকর্তার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সহকারী রাজস্ব কর্মকর্তা পদে রয়েছেন ১৮০০ জন।
একইসাথে ভ্যাট বিভাগের যে ৪৬ জন কর্মকর্তা আয়কর বিভাগে নিযুক্ত রয়েছেন তাদেরকেও ভ্যাট বিভাগে দ্রুত ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।
নজিবুর রহমান বলেন,“সম্প্রতি অর্থমন্ত্রী দুটো সিদ্ধান্ত দিয়েছেন। একটি হচ্ছে সহকারী রাজস্ব কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তার পদ পরিবর্তন করে আগের পদে নিয়ে যাওয়া। এ বিষয়ে তিনি (অর্থমন্ত্রী) লিখিত মতামতও দিয়েছেন। আগামী রোববার সেটি আমি ভ্যাট প্রশাসনে দিয়ে দেব। এখন আদেশ জারির অপেক্ষায়।”
কর্মকর্তাদের পদোন্নতি, বদলি নিয়ম ও যোগ্যতা অনুযায়ী হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
জাতীয় রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জনে নজিবুর রহমান রাজস্ব কর্মকর্তাদের সহযোগিতা চান। করদাতারা যাতে রাজস্ব ফাঁকি দিতে না পারেন সেদিকে সতর্ক থাকার নির্দেশও দেন।
আয়োজক সংগঠনের সভাপতি নাজমুল হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনবিআরের সদস্য এনায়েত হোসেন ও সুলতান মো. ইকবাল।
এছাড়া কয়েকজন কমিশনার, শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানসহ এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
