২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার বসছে বেতন পর্যালোচনা কমিটি

অষ্টম বেতন কাঠামো বাস্তবায়নে আদেশ জারির প্রস্তুতি চলার মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি পর্যালোচনায় গঠিত মন্ত্রিসভা কমিটি প্রথম বৈঠকে বসছে রোববার ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 08:00 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

শুক্রবার বিকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হেয়ার রোডের বাসায় তার সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিক্ষকদের বিভিন্ন বিষয় নিয়ে দুই মন্ত্রী দীর্ঘ সময় আলোচনা করেন।  তারা রোববার দুপুর ১টায় সচিবালয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন।”

অর্থমন্ত্রী মুহিত এই মন্ত্রিসভা কমিটির সভাপতি, শিক্ষামন্ত্রীও কমিটির সদস্য।

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন দেয় মন্ত্রিসভা, যা এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।

কিন্তু এই কাঠামোতে জ্যেষ্ঠ অধ্যাপকদের অবনমন ঘটেছে অভিযোগ তুলে গত কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

তারা বলছেন, সপ্তম বেতন কাঠামোতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেকশনগ্রেডপ্রাপ্ত অধ্যাপকরা সচিবের সমান গ্রেড-১ স্কেলে বেতন পেতেন। জ্যেষ্ঠ অধ্যাপকরা গ্রেড-২ এবং অধ্যাপকরা গ্রেড-৩ এ বেতন পেতেন।

অষ্টম বেতন কাঠামোতে ‘সিলেকশনগ্রেডপ্রাপ্ত অধ্যাপক’ পদটি বিলুপ্ত করে সিলেকশনগ্রেডপ্রাপ্ত অধ্যাপক ও জ্যেষ্ঠ অধ্যাপকদের সচিবদের সমান গ্রেড-১ দেওয়া হয়েছে। অন্যদিকে জ্যেষ্ঠ সচিবদের জন্য নতুন একটি বিশেষ গ্রেড তৈরি করা হয়েছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, আমলারা নিজেদের জন্য বিশেষ গ্রেড তৈরি করলেও শিক্ষকদের সিলেকশনগ্রেডপ্রাপ্ত অধ্যাপক পদটি বিলুপ্ত করা হয়েছে। ফলে অধ্যাপকরা আমলাদের নিচের স্কেলে থাকছেন।

তাদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে অষ্টম বেতন কাঠামো অনুমোদনের দিনই ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’-কে দায়িত্ব দেয় মন্ত্রিসভা।

এরপর ১৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রীকে প্রধান করে এই কমিটি পুনর্গঠনের মাধ্যমে শিক্ষকদের বেতন ও মর্যাদা নিয়ে আপত্তি বিবেচনা করে তা মীমাংসার দায়িত্ব দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী ছাড়াও এই কমিটিতে শিল্প, বাণিজ্য ও আইন মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে সদস্য হিসেবে রাখা হয়।

এর মধ্যে ১৯ অক্টোবর মন্ত্রিসভায় বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের জানান, অষ্টম বেতন কাঠামোর আদেশ নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে জারি হবে। অষ্টম বেতন কাঠামোর আদেশ জারির বিষয়ে অর্থ বিভাগ কাজ করছে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী তার বাসায় আন্দোলনরত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের শিক্ষক নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন বলে ওই কর্মকর্তা জানান।

পুরনো খবর:

'বেতন কাঠামোর প্রজ্ঞাপন শিগগির'
মুহিতকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের
শিক্ষকদের বেতন পর্যালোচনা কমিটির নেতৃত্বে মুহিতই