২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ভর্তি পরীক্ষার আগের রাতে আটক ১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে ১২ জনকে আটক করা হয়েছে, যারা প্রশ্ন দেওয়ার কথা বলে প্রতারণা করছিল বলে গোয়েন্দা পুলিশের দাবি।

নিজস্ব প্রতিবেদক

ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 10:02 AM

Updated : 22 Aug 2022, 01:42 PM

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে ফার্মগেইট, নাখালপাড়া ও তেজকুনি পাড়া এলাকা থেকে তাদের আটক করে।

শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের ৭৬টি কেন্দ্রে বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে। এক হাজার ৬৬০টি আসনের বিপরীতে ৭১ হাজার ৩৫০জন এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রশ্নপত্র দেওয়ার নামে প্রতারণার খবর পেয়ে প্রথমে ফার্মগেইট এলাকা থেকে একজনকে আটক করা হয়। পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বাকিদের আটক করে।

গত কয়েক বছর ধরে পরীক্ষার হলে জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগের কারণে এবারও পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং বাইরে যোগাযোগ করা যায় এমন যে কোনো ইলেক্ট্রনিক ডিভাইস নিষিদ্ধ। যে কোনো অনিয়মের তাৎক্ষণিক শাস্তির জন্য ভ্রাম্যমাণ আদালতও কাজ করছে।