২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়

ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 12:25 AM

Updated : 22 Aug 2022, 01:42 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে যুদ্ধাপরাধীমুক্ত ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতাকর্মীরা।

‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’ স্লোগান নিয়ে বিকাল ৪টায় জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর দুটি দলীয় গণসঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

বিশেষ যন্ত্রসঙ্গীত পরিবেশন শেষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। টিএসসি থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শোভাযাত্রাটি আবার অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়।

এরপর আলোচনা পর্বে অংশ নিয়ে উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, “প্রতিষ্ঠার ৪৭ বছরে উদীচীর উপর বারবারই আঘাত হেনেছে প্রতিক্রিয়াশীল, মৌলবাদী চক্র। ১৯৯৯ সালে যশোরে দ্বাদশ জাতীয় সম্মেলন এবং ২০০৫ সালে নেত্রকোনা উদীচী কার্যালয়ে বোমা হামলায় শিল্পী-কর্মীরা প্রাণ দিয়েছেন।

“এতকিছুর পরও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম, ন্যায়ের সংগ্রাম, মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম থেকে উদীচীকে কখনোই বিচ্যুত করা যায়নি।”

সারা বিশ্বেই উদীচীর কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন মন্তব্য করে উদীচীর প্রথম কমিটির আহ্বায়ক কামরুল আহসান খান বলেন, “তারা যেখানেই যান না কেন, সব সময়ই উদীচীর আদর্শকে ধারণ করে জীবন সংগ্রামে লিপ্ত হয়েছেন।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক বদিউর রহমান উদীচীর ৪৭ বছরের অর্জনকে ‘অবিনশ্বর, অনির্বাণ’ বলে অভিহিত করেন।

“উদীচী তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবেই। আর সে লক্ষ্য হল- মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ প্রতিষ্ঠা।”

আলোচনা সভার পর বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য সত্যেন সেনের ঘনিষ্ঠ সহকর্মী এবং উদীচীর সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুর হাতে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা তুলে দেন কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উদীচীর প্রতিষ্ঠাকালীন সদস্য আখতার হুসেন, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক রানা, উদীচী ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি কাজী মদিনা এবং কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী মোহাম্মদ শীশ বক্তব্য দেন।

এরপর হয় গান-নৃত্য-আবৃত্তি পরিবেশনা পর্ব। এ পর্বে দলীয় সঙ্গীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী, উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ এবং উদীচী ঢাকা মহানগর সংসদের শিল্পীরা।