সহকর্মীদের কম্পিউটার প্রশিক্ষণ দেবেন শিক্ষকরা
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার, যাতে প্রশিক্ষক হিসাবে থাকছেন ওই স্তরের শিক্ষকরাই।
এই প্রকল্পের আওতায় আগামী দুই বছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও মাদরাসার ১ লাখ ৫৬০জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ব্যানবেইসের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আবু তাহের খান।
ব্যানবেইসের বাস্তবায়নাধীন এই প্রকল্পে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য উপজেলা পর্যায় থেকে বাছাই করা ৭৬০জন শিক্ষককে প্রথমে কেন্দ্রীয়ভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তাহের খান বলেন, “প্রতি উপজেলা থেকে ৬ জন করে সেরা শিক্ষক বাছাই করে পাঠাচ্ছেন উপজেলা শিক্ষা অফিসারেরা। ৩৪টি ব্যাচে মোট ৬৮০জনের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী পর্বে বাকি ৮০জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।”
কোরিয়া সরকারের অর্থায়নে এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে দেশের ৬২ জেলায় ১২৫টি উপজেলা আইসিটি ট্রেইনিং এন্ড রিসোর্চ সেন্টার নির্মাণ করা হয়েছে।
ওই ভবনগুলোর নিচতলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস স্থাপন এবং দোতলায় ২৫টি কম্পিউটারসহ একটি স্বয়ংসম্পূর্ণ আইসিটি ল্যাব ও স্থানীয় নাগরিকদের জন্য সাইবার সেন্টার করা হয়েছে।
নভেম্বরের মাঝামাঝি নাগাদ প্রশিক্ষিত এই শিক্ষকরা উপজেলা ট্রেইনিং সেন্টারগুলোতে শিক্ষকদের ক্লাস নেওয়া শুরু হবে বলে জানান তাহের খান।
এদিকে বৃহস্পতিবার সকালে ব্যানবেইসে শিক্ষকদের জন্য ট্রেইনিং অফ ট্রেইনারস(টিওটি) কোর্সের চারটি ব্যাচের কোর্স সমাপনী অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, “আমরা তৃণমূল পর্যায়ের শিক্ষকদের দ্বারা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করছি। প্রশিক্ষক হিসাবে যারা ভালো করবেন তাদের জন্য পরবর্তীতে বিদেশে স্কলারশীপসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে।”
