গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনার দৌলতপুরে প্রাইভেটকার থামিয়ে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (দৌলতপুর জোন) এস এম কামরুজ্জামান জানান।
নিহত শহীদুল ইসলাম ওরফে শহীদ (৪১) পাট রপ্তানিকারক প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগের ঠিকাদারি এবং জ্বালানি তেলের ব্যবসা করতেন। তার বাড়ি দৌলতপুরের পাবলা এলাকায়।
এসিপি কামরুজ্জামান জানান, দৌলতপুর রেলস্টেশন এলাকার পাট রপ্তানিকারক প্রতিষ্ঠান খান ব্রাদার্স থেকে কাজ সেরে প্রাইভেট কারে করে বাড়ি ফিরছিলেন শহীদুল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গাড়িটি খুলনা-যশোর মহাসড়কে দৌলতপুরের ইসলামী ব্যাংকের কাছে এলে সামনের দিক থেকে দুটি মোটরসাইকেলে চার জন লোক তার গতি রোধ করে এবং গুলি করে সামনের বাম পাশের চাকা পাংচার করে দেয়।
“এরপর গাড়ির বাম পাশের দরজায় গুলি করে এবং সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে দুই পাশের জানালার এবং পেছনের কাচ ভেঙে শহীদের শরীরের বিভিন্ন স্থানে গুলি চালায় তারা।”
কামরুজ্জামান আরও বলেন, চাকা পাংচার হওয়া সত্ত্বেও চালক শামীম দ্রুত গাড়ি চালিয়ে পাবলা আফিল উদ্দিন স্কুলের কাছে নিয়ে যান। সেখান থেকে শহীদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বেনু ও ফারুক নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
